ফেনীতে যানবাহনে ভাংচুর-অগ্নিসংযোগ
অবরোধে ফেনীর বিভিন্ন স্থানে যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন স্থানে ৩/৪টি যানবাহন ভাংচুর এবং দুটিতে আগুন দেওয়া হয়।
এদিকে নাশকতার চেষ্টার অভিযোগে শহরের বিভিন্ন স্থান থেকে নয় জনকে আটক করা হয় বলে জানিয়েছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক।
তাৎক্ষণিকভাবে কারও নাম পরিচয় জানাননি এ পুলিশ কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে অবরোধকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের বিভিন্ন স্থানে ৩/৪টি গাড়ি ভাংচুর করে।
এছাড়া ফেনী-নোয়াখালী সড়কের মাতুভূঁঞা এলাকায় শনিবার মধ্যরাতে দুর্বৃত্তরা একটি ট্রাকে এবং শহরের পলিটেকনিক্যাল এলাকায় একটি অটোরিকশা আগুন দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক বলেন, অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে যানবাহন চলাচলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মহাসড়কে পুলিশ পাহারায় পণ্যবাহী ট্রাক ও কভার্ডভ্যান চলাচল করছে।
শহরে রিকশা অটোরিকশাসহ হালকা যানবাহন চললেও ভারী তেমন দেখা যায়নি। তবে জেলার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
