২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় নাশকতা, হরতাল একদিন বৃদ্ধি

নাশকতার মধ্যেই বগুড়ায় ২৪ ঘণ্টার হরতাল আরও একদিন বাড়ানো হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 04:37 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল থেকে সোমবার সকালের হরতাল একদিন বাড়িয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত করা হয়েছে।

হরতালকে কেন্দ্র করে রেললাইন উপড়ে ফেলা, ভাংচুরসহ নানা নাশকতার অভিযোগে পুলিশ ৮৫ জনকে গ্রেপ্তার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার হরতাল চলাকালে শেরপুর উপজেলার মহিপুর ও শোনকায় হরতালকারীরা দুটি ট্রাকে আগুন দেয়। বগুড়া শহরের চন্দনবাইশা সড়কে গাছ কেটে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। কলোনি এলাকায় হরতালকারীরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

এছাড়া শহরে হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ এবং হরতালের পক্ষে মিছিল করেছে যুবদল।

বগুড়ার রেলওয়ের উপ-প্রকৌশলী আফজাল হোসেন জানান, সদরের ছাতিয়ানতলা এলাকায় শনিবার রাত দেড়টার দিকে নাশকতার উদ্দেশ্যে রেললাইনের ৫০০টি ইলাস্টিক রেল ক্লিপ (ইআরসি) তুলে ফেলার পর ভোর ৫টার দিকে রেল লাইন মেরামত করা হয়।

এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে বোনারপাড়া রেলওয়ে থানায় তিনি (উপ-প্রকৌশলী আফজাল হোসেন) বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

বগুড়া রেল স্টেশন মাস্টার বেনজুরুল ইসলাম জানান, রেল লাইনের ইলাস্টিক ক্লিপ খুলে ফেলায় রেলের সময়সূচি বিপর্যয় হয়েছে। চার ঘণ্টা বিলম্বের পর সকাল ৬টা ২০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল কুমার চাকী জানান, রেলে নাশকতার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার স্বার্থে এখন নাম বলা যাচ্ছে না।

বগুড়ার এএসপি (মিডিয়া) গাজিউর রহমান জানান, শনিবার রাত থেকে হরতাল চলাকালে বিভিন্ন নাশকতার ঘটনায় পুলিশ ৮০ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে শেরপুর পৌর যুবদলের সভাপতি শাহাবুল করিম ও দুই জন জামায়াতের রোকন রয়েছেন।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান রাজু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত হরতাল আহবান করা হলেও নেতাকর্মীদের গ্রেপ্তারের কারণে ২৪ ঘণ্টা হরতাল বাড়িয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত করা হয়েছে।