সাতজন ঢুকে দোকানিকে ব্যস্ত রাখার ফাঁকে চুরি
চট্টগ্রামের বাকলিয়া থানায় চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যারা বড় বড় মুদির দোকানে ঢুকে কৌশলে মূল্যবান জিনিসপত্র ও টাকা হাতিয়ে নিতেন বলে পুলিশ জানিয়েছে।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, রোববার ভোরের দিকে তুলাতলী এলাকা থেকে তিন জনকে এবং আগের দিন ওই এলাকা থেকেই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- আবদুল গণি ওরফে জনি (২৫), এমরান হোসেন (২৭), লিটন (২২), মো. শওকত (২২) ও মো. মাইল্যা (২৫)।
সবার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে, চট্টগ্রামে বাকলিয়া এলাকায় বসবাস করে তারা।
এই চোর চক্রের মোট সাত জন সদস্য। বাকি দুই সদস্য রুবেল ও সবুজ এখনও পলাতক।
তাদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মহসিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চক্রটি গত দেড় বছর ধরে চট্টগ্রাম মহানগরী, কক্সবাজার ও সীতাকুণ্ডে বিভিন্ন মুদির দোকানে কৌশলে চুরি করে থাকে।
তারা দোকানিকে ব্যস্ত রেখে মালামালসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে কৌশলে সরে পড়ত।
“বড় মুদির দোকানে তারা সাতজনই একসাথে গিয়ে দোকানদারকে দরদামসহ বিভিন্ন কথা বলে ব্যস্ত রেখে মূল্যবান পণ্য, নগদ টাকাসহ অন্যান্য জিনিস চুরি করে সটকে পড়ে।”
সম্প্রতি নগরীর চামড়ার গুদাম এলাকায় সিদ্দিক টাওয়ারের নিচে একটি মুদির দোকানে চুরির অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্তে গিয়ে এই চোরচক্রের সন্ধান মেলে বলে জানান তিনি।
শুক্রবার শওকত ও মাইল্যাকে গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়।
