সিলেটে হরতালে ঝটিকা মিছিল, বোমাবাজি
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা হরতালে সিলেটে ঝটিকা মিছিল, সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ও বোমাবাজির ঘটনা ঘটেছে।
রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো জেলায় এই হরতাল করছে স্থানীয় বিএনপি।
গত বৃহস্পতিবার রাতে ঢাকার বনানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপি নেতা শমসের মবিনকে। এর প্রতিবাদে শুক্রবার সিলেট জেলা ও মহানগর বিএনপির এক যৌথসভা শেষে পুরো জেলায় হরতালের ডাক দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালে সকাল ৮টার দিকে কুমারপাড়া এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদলের কর্মীরা।
তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে। পরে বেশ কয়েকটি হাতবোমা ফাটিয়ে পুলিশ আসার আগেই পালিয়ে যায়।
এছাড়া নগরীতে আর কোথাও বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হরতালে নাশকতা ঠেকাতে শহরের সবকটি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে নিরাপত্তার কারণে দূরপাল্লায় বাস চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটের যানবাহন চলছে স্বাভাবিকভাবেই।
ট্রেনও নিয়ম মাফিক ছেড়ে যাচ্ছে বলে রেলস্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক জানান।
