শরীয়তপুরে শিশুর মৃত্যুর পর ক্লিনিক ভাঙচুর
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ভুল চিকিৎসায় এক শিশু মৃত্যুর অভিযোগে এক ক্লিনিকে ভাঙচুর হয়েছে।
শনিবার উপজেলার ভোজেশ্বর পাইলট মোড়ে নিউ এপোলো ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় আরিফ হোসেন জানান, উপজেলার পাচক গ্রামের দিন মজুর গনি ছৈয়ালের পাঁচ বছর বয়সী ছেলে জিসান দুপুরে সমবয়সীর সঙ্গে খেলতে গিয়ে পায়ে ব্যথা পেলে ভোজেশ্বর পাইলট মোড়ে নিউ এপোলো ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে ভর্তি করা হয়। এক চিকিৎসক ইনজেকশন পুশ করার পর শিশুটির খিঁচুনি শুরু হয়।
পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৫টায় শিশুটি মারা যায়।
গনি ছৈয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভুল চিকিৎসা দিয়ে আমার ভাল ছেলেটিকে ওরা মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।”
নড়িয়া থানার ওসি কবিরুল ইসলাম বলেন, শিশুটির স্বজনরা ও উত্তেজিত জনতা ক্লিনিকে হামলা করে ভাঙচুর করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
