অবরোধকারীদের দিকে ছোড়া গুলি লাগল পুলিশের গায়ে
রাজধানীতে অবরোধকারীদের দিকে ছোড়া পুলিশের ছররা গুলিতে আহত হয়েছেন এই বাহিনীর এক কর্মকর্তা।
শনিবার রাতে গুলশানের শাহজাদপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহত উপপরিদর্শক (এসআই) খালিদ হোসেনকে শাহজাদপুর এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের সময় ছররা গুলিতে আহত হন এসআই খালিদ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৯টায় বিএনপিকর্মীরা শাহজাদপুরে মিছিল বের করে। মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাংচুরের চেষ্টা হলে পুলিশ বাধা দেয়। তখন অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে পুলিশ ছররা গুলি ছোড়ে।
পুলিশের ছোড়া ওই ছররা গুলি এসআই খালিদের গায়েও বেঁধে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
