২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের প্রধান কার্যালয়ের কাছে হাতবোমা বিস্ফোরণ

বিএনপির অবরোধের মধ্যে কর্মব্যস্ত বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 03:15 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

কয়েকজন যুবক শনিবার বেলা সোয়া ২টার দিকে জিপিও থেকে গুলিস্তানমুখী রাস্তায় পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে সেখানে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক মশিউর রহমান জানান।

তিনি বলেন, বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় রাস্তার পাশে থেমে থাকা সদরঘাট-টঙ্গী রুটে চলাচলকারী সুপ্রভাত পরিবহনের এক চালক বাস থেকে নেমে এক যুবককে জাপটে ধরেন।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক জানান, আটকের পর ওই যুবক নিজেকে ঢাকা মহানগর ছাত্রলীগের (দক্ষিণ) আনিসুর রহমান আনিসের অনুসারী এবং সাংগঠনিক সম্পাদক এএসএম ফারেজ সামির অনুসারী বলে পরিচয় দেন।

এক পর্যায়ে আটক যুবককে মারধরের পর পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আওয়ামী লীগ কার্যালয় ভবনে অবস্থিত ছাত্রলীগের অফিসে নেওয়া হয়। সেখানে কেউ না থাকায় পরে পুলিশ তাকে পল্টন থানায় নিয়ে যায়।

উপপরিদর্শক মশিউর রহমান বলেন, “বোমার বিস্ফোরণ ঘটানো যুবকদের মধ্যে আটক যুবকও ছিল, এটা নিশ্চিত হয়েই আমরা তাকে থানায় পাঠিয়েছি।”

তবে তিনি ওই যুবকের নাম জানাতে পারেননি।