বরগুনায় হত্যা মামলায় এক ব্যক্তি গ্রেপ্তার
বরগুনায় হত্যা ও মোটরসাইকেল ছিনতাইয়ের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) পুলক চন্দ্র রায় জানান, বৃহস্পতিবার রাতে পাথরঘাটা পৌর শহর থেকে রুহুল আমিনকে (৪৪) মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, গত বছরের ৯ নভেম্বর সন্ধ্যায় বরগুনার বড়ইতলা ফেরিঘাট এলাকার আনিস নামে এক ব্যক্তি ভাড়ায় মোটরসাইকেল চালাতে গিয়ে নিখোঁজ হন।
নয়দিন পর সদর উপজেলার চরপাড়া এলাকায় বালিয়াতলী সড়কের পাশের একটি ডোবায় তার লাশ পাওয়া যায়। তবে ওই সময় আনিসের মোটরসাইকেল পাওয়া যায়নি।
পরিদর্শক পুলক আরও জানান, নিখোঁজের পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিল আনিসের পরিবার।
লাশ উদ্ধারের পর আনিসের স্ত্রী জোবেদা অজ্ঞাত পরিচয় আসামির নামে একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় জড়িত অভিযোগে রুহুলকে গ্রেপ্তার করা হয়েছে। মোটরসাইকেল ছিনতাই করার জন্যই আনিসকে হত্যা করেছিল বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে রুহুল।
রুহুল আমিনও ভাড়ায় মোটরসাইকেল চালক। তিনি পাথরঘাটা উপজেলার কোড়ালিয়া গ্রামের নুর মোহম্মাদ মুন্সীর ছেলে।
