অবরোধ নিষিদ্ধ করুন: সুরঞ্জিত
রাজনৈতিক কর্মসূচি হিসেবে অবরোধ নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে শুক্রবার এক আলোচনা সভায় অবরোধ বন্ধে নতুন আইন প্রণয়নের দাবিও তুলেছেন সাবেক এই মন্ত্রী।
তিনি বলেন, “সরকারের প্রতি আমার আহ্বান, অবিলম্বে অবরোধকে বেআইনি ও অগণতান্ত্রিক ঘোষণা করুন। ধৈর্যের একটা সীমা আছে, সব কিছুর একটা শেষ আছে।”
অবরোধ গণতান্ত্রিক অধিকারের সব সীমা অতিক্রম করেছে মন্তব্য করে সুরঞ্জিত বলেন, “অবরোধ কর্মসূচি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। এটা চলতে দেওয়া যায় না।
“আমাদের অর্থনৈতিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখার জন্য আইনগতভাবে কার্যকর ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। মিঠা মিঠা কথা বলে মিঠা মিঠা কার্যকর করলে চলবে না।
“কারণ চোরা না শোনে ধর্মের কাহিনী।”
তিনি বলেন, “খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে সহিংসতা ও নাশকতার আশ্রয় নিয়েছেন। বিশ্বের কোথাও সহিংসতা ও নাশকতা গণতান্ত্রিক অধিকার নয়।
“আপনি গিয়ে ট্রেনের ফিসপ্লেট উঠিয়ে ফেলে দিবেন, রাতের বেলা বাসযাত্রীদের পুড়িয়ে হত্যা করবেন। এটা গণতান্ত্রিক অধিকার হতে পারে না।”
অবিলম্বে অবরোধ বেআইনি ঘোষণা করে অবরোধকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান সুরঞ্জিত।
তিনি বলেন, “যারা অবরোধ ঘোষণা দেবে এবং এই কর্মসূচিতে অংশ নেবে তাদের কঠোর শাস্তি দিতে হবে।
“আর এটাও করতে হবে, যেহেতু এটা গণতান্ত্রিক অধিকার নয়, এটা গণমাধ্যমে ফলাও করে প্রচার করার কোনো অধিকার থাকবে না।”
৫ জানুয়ারি সমাবেশের ঘোষণা দিয়ে নিজের কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত সোমবার থেকে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দিয়েছেন।
বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করার লক্ষ্যে বিএনপির এই অবরোধ মন্তব্য করে সুরঞ্জিত বলেন, “গরীব কৃষকদের বাজার নষ্ট করাই তাদের (বিএনপি) উদ্দেশ্য। আমাদের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র রপ্তানি ব্যাহত করতে এই অবরোধ।
“অবরোধ অর্থনীতিকে পঙ্গু করার ষড়যন্ত্র। অর্থনীতি পঙ্গু হলে রাষ্ট্র অকার্যকর হবে। রাষ্ট্র অকার্যকর হলে তাদের অভিলাষ পূর্ণ হবে।”
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এই ধরনের অবরোধ কর্মসূচি দিয়া, বঙ্গবন্ধুর কন্যাকে আপনি আলোচনায় আনবেন। এটা কি সম্ভব? বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে? পৃথিবীর মানুষ বিশ্বাস করে?”
বিএনপি নেত্রী ‘সুষ্ঠু গণতান্ত্রিক কর্মসূচিতে’ ফিরে আসলে তার প্রস্তাবিত সাত দফা নিয়ে আলোচনা হতে পারে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।
‘মুসল্লিদের বিরুদ্ধে ইসলামী জাতীয়তাবাদীরা’
সুরঞ্জিত বলেন, বাংলাদেশে বিশ্ব ইজতেমা হয়। নানা দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এখানে আসেন।
“এটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম বড় উৎসব, পবিত্রতার সঙ্গে আমরা সবাই তা মানি। আমাদের দুই নেত্রীও ক্ষমতায় বা বিরোধী দলে যেখানেই থাকেন না কেন, তারা সেখানে অংশগ্রহণ করেন।
“এবার দেখা গেল, যখন ইজতেমা শুরু হল তখন যারা ইসলামী জাতীয়তাবাদের জনক তারা মুসল্লিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।”
বিএনপি নেতৃত্বের কাছে ইজতেমা শুরুর আগে অবরোধ তুলে নেওয়ার প্রত্যাশা ছিল জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “কিন্তু তা না করে চালিয়ে নেওয়ার ঘোষণা দিলেন।
“এ নিয়ে তাদের দলের মধ্যে বিভাজন হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ নেতাই এই কর্মসূচির সঙ্গে একমত নন। ২০ দলের মধ্যেও এই নিয়ে বিভেদ হয়েছে। এটা হওয়াই স্বাভাবিক।”
‘প্রচারে সংযত হন’
সহিংসতার খবর প্রচারে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, “সুপ্রিম কোর্টে তারেক জিয়ার মামলায় আদেশ হয়েছে। এখন একটা ফ্যাশন হয়েছে, রায় পছন্দ না হলে হরতাল, না হয় জজ সাহেবের বাড়িতে আক্রমণ।
“আপনারা গণমাধ্যমতো আছেনই, ফলাও করে একটা সংবাদ দিয়ে দিলেন। ক্যামেরা নিয়ে চলে গেলেন। তাতে ককটেলওয়ালাদের খুব একটা প্রচার হল এবং বিচার ব্যবস্থাকে অসম্মান করা হল।”
“আমি গণমাধ্যমকে বলব, এই ব্যাপারে আরেকটু সংযত ও দায়িত্বশীল প্রচার আপনারা করবেন।”
‘বিচারকদের নিরাপত্তা’
বিচারকদের নিরাপত্তা যথেষ্ট নয় বলে মনে করেন সুরঞ্জিত সেনগুপ্ত।
তাদের নিরাপত্তা জোরদার, কার্যকর ও অর্থবহ করতে বলেছেন তিনি।
পলাতক তারেক রহমানের বক্তব্য-বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞার পরদিন বিচারপতির বাড়িতে হামলার পর এ দাবি জানালেন তিনি।
সুরঞ্জিত বলেন, “এ নিয়ে কোনো শিথিলতা-উদাসীনতা বরদাস্ত করা হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।
“বিচারকরা নির্ভীকচিত্তে বিবেক ও ন্যায়ানুগভাবেই বিচার কাজ করবেন। তাদের ওপর ভয়-ভীতি, সন্ত্রাস ও সহিংসতা যাতে বিচার বিভাগকে কলুষিত না করে।”
‘বাংলাদেশের চলমান রাজনীতি’ নিয়ে বঙ্গবন্ধু একাডেমির এই আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতা খন্দকার এমদাদুল হক সেলিম বক্তব্য দেন।
