চন্দনাইশে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
নিহত জসীম উদ্দিন (২৭) পটিয়া উপজেলার আমজুর হাটের বাসিন্দা। তিনি অটোরিকশার চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফাঁড়ি পরিদর্শক কাউছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর ৫টার দিকে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলে চালক জসিম নিহত হন। অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হন।”
তিনি জানান, আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর পুলিশ মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা কাউছার।
