কড়া নিরাপত্তায় ইজতেমা শুরু
বিএনপির লাগাতার অবরোধের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো তৎপরতার মধ্যে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মুসলমানদের অন্যতম বৃহৎ সম্মিলন বিশ্ব ইজতেমা।
দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লির অংশগ্রহণে শুক্রবার ভোরে ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ইজতেমার মাঠ। টঙ্গী এখন পরিণত হয়েছে ধর্মীয় উৎসবের নগরীতে।
পাকিস্তানের মাওলানা মো. এহসানের আম বয়ানের মাধ্যমে এবারের ইজতেমার মূল কজ শুরু হয়।
বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মো. আব্দুল মতিন। পাশাপাশি বিভিন্ন ভাষায় এই বয়ান তরজমা করা হচ্ছে।
বৃহস্পতিবার আসরের পর থেকেই ভারতের মাওলানা আহম্মদ লাট ময়দানে আগত মুসল্লিদের উদ্দেশ্যে ঈমান, আমল ও আখলাকের প্রাক বয়ান শুরু করেন।
বিশ্ব ইজতেমা উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিক মঙ্গল কামনা করে শুভেচ্ছা বাণী দিয়েছেন।
আগামী রোববার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।
এর চার দিন পর ১৬ জানুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৮ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ওই পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে।
লাগাতার অবরোধের মধ্যেও গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ মুসল্লি টঙ্গীর ময়দানে এসে ইজতেমায় যোগ দিয়েছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার মুসল্লিও এসেছেন।
ইজতেমা ময়দানে বেলা দেড়টার দিকে দেশের বৃহত্তম জুমার নামাজ পড়বেন মুসল্লিরা।
ইজতেমা মাঠে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইজতেমায় বিদেশি ও সাধারণ মুসল্লিদের নিরাপত্তা দিতে পুলিশ, আনসার ও র্যাব সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছেন।
ইজতেমায় নিরাপত্তা নিশ্চিত করতে গতবারের চেয়ে এবার বেশি সংখ্যায় র্যাব সদস্য কাজ করছে বলে বাহিনী মহাপরিচালক বেনজীর আহমেদ জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র্যাব সদস্যরা কয়েকটি সেক্টরে ভাগ হয়ে পুরো এলাকার নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন।
দুই পর্বের ইজতেমার মূল ছয় দিনই র্যাবের হেলিকপ্টার টহল থাকবে। খিত্তায় খিত্তায় সাদা পোশাকে র্যাব সদস্যরা অবস্থান করবেন। থাকবে র্যাবের কন্ট্রোল রুম ও পেট্রোল ডিউটিও। র্যাব সদস্যরা পাঁচ স্তরে নিরাপত্তা দেবে।
সিসি টিভিতে নিরাপত্তার সার্বিক কার্যক্রমের চিত্র ধারণ করা হচ্ছে। তুরাগ নদীতে রয়েছে নৌ টহল দল। মাঠের বিভিন্ন পয়েন্টে টাওয়ার থেকে র্যাব সদস্যরা সার্বক্ষণিক নজর রাখছে। র্যাবের বোমা নিস্ক্রিয়কারী দলও প্রস্তুত রাখা হয়েছে।
মাঠে সার্বক্ষণিক বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং মুসল্লিদের স্বাস্থ্যসেবা দিতে বিনামূল্যে পর্যাপ্ত স্বাস্থ্য সেবা ক্যাম্প স্থাপনসহ টঙ্গী সরকারি হাসপাতালেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালে রোগী নেওয়ার জন্য রয়েছে অ্যাম্বুলেন্স।
গাজীপুরের নির্বাহী মেজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিশুদ্ধ খাবার নিশ্চিতকরণসহ ইজতেমাস্থল ও আশপাশের এলাকাকে পাঁচ ভাগে ভাগ করে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে।
“এসব অঞ্চলে প্রতিদিন দুই পালায় পাঁচটি করে ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করছে গাজীপুর জেলা প্রশাসন।”
এদিকে সম্পূর্ণ অনানুষ্ঠানিক ও সভাপতিত্বহীন এ সম্মিলনে যোগ দিতে দেশ-বিদেশের লাখো মানুষ এখনও টঙ্গীর পথে।
ইজতেমা শুরু হয়ে যাওয়ার পরও অন্যান্য দিনগুলোর কর্মসূচিতে থাকতে দেশের বিভিন্ন জেলার মুসল্লিদের স্রোত এখন টঙ্গীমুখী। বিশ্বের বিভিন্ন দেশ থেকেও মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে।
মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকেই দুই দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বী মো. গিয়াস উদ্দিন জানান, ১৬০ একরের সুবিশাল ময়দানের পুরোটায় শামিয়ানা টানানো হয়েছে।
সাধারণ মুসল্লিদের রান্নার স্থায়ী ব্যবস্থা না হলেও মাঠের পশ্চিম-উত্তর কোণায় টিনের ছাউনি দিয়ে বিদেশিদের রান্নার জন্য গ্যাসসহ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
এবছর মাঠে জেলাওয়ারি মুসল্লিদের অবস্থানের জন্য পুরো ময়দানকে প্রথম দফায় ৪০টি এবং দ্বিতীয় দফায় ৩৯টি খিত্তায় ভাগ করা হয়েছে। জেলাওয়ারি জামাতবদ্ধ মুসল্লিরা এসব নির্ধারিত খিত্তায় অবস্থান নিচ্ছেন।
