২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিআরটিএ গুদামে আগুন

বরিশালে বিআরটিএ এর একটি গুদামে বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 09:03 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বরিশাল জেলা প্রশাসন ভবনের নিচ তলায় অবস্থিত ওই গুদামে কেউ আগুন দিয়েছে কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বরিশাল বিআরটিএ এর সহকারী পরিচালক মো. শাহ আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গুদামটিতে বিভিন্ন যানবাহনের নম্বরের প্রায় সাত হাজার ডিজিটাল প্লেট ছিল বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় দুটি কক্ষে বিআরটিএ এর মূল কার্যালয়। নিচ তলার সিঁড়ির কাছে একটি ছোট কক্ষ গুদাম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

“সন্ধ্যার দিকে ওই কক্ষে আকস্মিক আগুন লাগে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে স্বল্প সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয় তারা।”

আগুনে প্রায় একশ’ প্লেট পুড়ে নষ্ট হয়েছে বলে জানান তিনি।

বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিফ আখন্দ দিপু বলেন, গুদামের ভেতরে বৈদ্যুতিক সংযোগ নেই। ফলে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূচনা হয়নি। তাই ধারণা করা হচ্ছে বাইরে থেকে অন্য কোনো মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।