অবরোধ প্রত্যাহারের আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের
টঙ্গীতে শুক্রবার শুরু হতে যাওয়া তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার বিষয়টি বিবেচনা করে বিএনপির লাগাতার অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এই আহ্বান জানানো হয়।
ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর সদস্য আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ বলেন, “ধর্মকে আপনার দুনিয়াবি হানাহানি ও সংকীর্ণতার ঊর্ধ্বে রাখুন। মসজিদ মাদ্রাসাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতি চর্চার ক্ষেত্র না বানিয়ে ইবাদত বন্দেগি ও দ্বীনের খেদমত করার সুযোগ দিন।”
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আশা করি আপনারা আজকের মধ্যে অবরোধ প্রত্যাহার করবেন।”
৫ জানুয়ারি পূর্বঘোষিত কর্মসূটি পালন করতে না পেরে ওইদিন দেশব্যাপী লাগাতার অবরোধ ডাকেন নিজের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হওয়ার আগে এই অবরোধে দূর পাল্লার যানবাহন বন্ধ থাকায় সাধারণ মানুষের পাশাপাশি টঙ্গীমুখী মুসল্লিরাও বিপাকে পড়েছেন।
ভারত সীমান্ত পেরিয়ে বিদেশি মুসল্লিরা বেনাপোলে এলেও বাস না থাকায় টঙ্গী যেতে সমস্যায় পড়ছেন বলে খবর এসেছে।
ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর আরেক সদস্য মেজবাউর রহমান চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, “লাগাতার অবরোধ ও কয়েকটি জেলায় হরতালের কারণে ইজতেমায় যোগ দিতে আগ্রহী মুসল্লিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যানবাহনের অভাবে তাদের ইজতেমাস্থলে আসতে সমস্যায় পড়তে হচ্ছে। বেনাপোলসহ স্থলবন্দরগুলোতে বিদেশি মেহমানরা ভোগান্তিতে পড়ছেন।”
তাই ‘বিশ্ব ইজতেমার স্বার্থে’ অবরোধ ও হরতালের মতো কর্মসূচি প্রত্যাহার করে মুসল্লিদের ইজতেমায় অংশগ্রহণের ‘সুযোগ ও পরিবেশ’ সৃষ্টি করার আহ্বান জানান তিনি।
শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হতে যাওয়া ৫০তম বিশ্ব ইজতেমায় প্রায় ৫৮টি দেশের মুসলমানরা অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
