বরিশালে বাস খাদে, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
বরিশাল সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন পর্যায়ের এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহত পান্না হাওলাদার (৪০) সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
বরিশাল নগর পুলিশের বন্দর থানার ওসি রেজাউল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিনারের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা রেজাউল জানান, সকালে বরিশালের লাহারহাট থেকে হাক্কানী পরিবহনের একটি বাস চরকাউয়া খেয়াঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে দিনারের পুল এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ওই বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এ ঘটনায় আহত ছয় বাসযাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা পান্না মারা যান।
