২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাছোড় দখলদার, ইজতেমায় মুসল্লিদের ভোগান্তি

টঙ্গীর তুরাগ নদের পশ্চিম তীরে বিশ্ব ইজতেমায় ব্যবহারের জন্য সরকার অনুমোদিত জমি দখল করে গড়ে তোলা বালু আর কাঁচামালের আড়ত এখনো বহাল তবিয়তে রয়ে গেছে। ইজতেমার আয়োজকরা সরকারের বিভিন্ন মহলে ধর্ণা দিয়েও দখলদারদের টলাতে পারেননি।

আবুল হোসেন

গাজীপুর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 12:34 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

ইজতেমায় আসা মুসল্লিদের স্থান সংকুলানের জন্য ২০১১ সাল থেকে এই সম্মিলন হচ্ছে দুই দফায়। কিন্তু ময়দানের এক দিকে কিছু অংশ অবৈধ দখলে থাকায় প্রতিবছরই মুসল্লিদের যাতায়াত এবং থাকার ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন। 

এর মধ্যেই শুক্রবার শুরু হচ্ছে ইজতেমার প্রথম পর্ব। দেশ বিদেশের মুসল্লিরা এরইমধ্যে তুরগাতীরে জড়ো হতে শুরু করেছেন।

ইজতেমার প্রথম পর্ব শেষ হবে ১১ জানুয়ারি। এরপর ১৬ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হয়ে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ১৮ জানুয়ারি।

বিশ্ব ইজতেমার  মুরুব্বী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান,  ১৯৯৬ সালে টঙ্গীতে ১৬১ একর জমি ইজতেমায়  ব্যবহারের জন্য রাজউকের সঙ্গে চুক্তি হয়। কিন্তু প্রতিবছর মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকায় ওই স্থানেও সংকুলান না হওয়ায় মাঠের আশপাশের খোলা জমি এমনকি রাস্তাতেও মুসল্লিদের অবস্থান নিতে হয়।

“এ ব্যাপারে আমাদের অনুরোধে তুরাগ নদীর পশ্চিম তীরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে দেওয়া জমির বরাদ্দ বাতিল করে তা ইজতেমায় ব্যবহারের অনুমতি দেয় রাজউক। এছাড়া আশুলিয়া বেড়িবাঁধের পাশে পানি উন্নয়ন বোর্ডের কিছু জমি ২০০৮ সালে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে ইজতেমায় ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

“বর্তমানে সেখানে স্থানীয় কিছু দখলদার মাছ ও কাঁচা মালের আড়ত, বালুর আড়তসহ বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ১১ একর জমির বরাদ্দ বাতিল করে রাজউক পূর্বাচলে ১৮ বিঘার প্লট দিলেও তারা ওই জমি ছাড়ছে না।”

গিয়াস উদ্দিন জানান, ইজতেমা মাঠ ব্যবহারে জন্যে রাজউকের দেওয়া ৪০ ফুট রাস্তাসহ জমি দখলের অভিযোগে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) নামে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা চলছে।

এ প্রতিষ্ঠানটি ইজতেমা মাঠের প্রবেশ পথ দখল করে ল্যাবরেটরি ও শহীদ মিনার স্থাপন করেছে বলেও অভিযোগ তার।

সম্প্রতি ঢাকার বিভাগীয় কমিশনার বেদখল জমি উদ্ধারের আশ্বাস দিলেও স্থায়ী কোনো সমাধান হয়নি বলে গিয়াস উদ্দিন জানান।

জমি দখল ও মামলা প্রসঙ্গে আইইউবিএটির প্রকৌশলী মো. মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  ১৯৯৪ সালে রাজউক তাদের ১৫ বিঘা জমি বরাদ্দ দিলেও দুই বছর ১৩ বিঘা ১৩ কাঠা জমি বুঝিয়ে দেওয়া হয়।

পরে ১৯৯৭ সালে প্রাথমিক বরাদ্দ দেওয়ার সময় এই প্লটের দক্ষিণ পাশের প্রস্তাবিত ৪০ ফুট রাস্তা তুলে দিয়ে আরো দুই বিঘা ৯ কাঠাসহ মোট ১৬ বিঘা তিন কাঠা জমির সংশোধিত নকশা অনুমোদন দেয় রাজউকের বোর্ড।

“২০০৬ সালে ইজতেমার প্রয়োজনে রাজউক আইইউবিএটির প্লট বরাদ্দ বাতিল করলে আমরা ২০০৭ সালে উচ্চ আদালতে যাই। আদালত বরাদ্দ বাতিল অবৈধ ঘোষণা করলে ২০১৩ সালে ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে রাজউক, যা শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমান রয়েছে।”

ওই বছরই হাই কোর্ট থেকে আগের ৪০ ফুটের পরিবর্তে ১০০ ফুট রাস্তা রাখতে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হলেও তা না মানায় আইইউবিএটির বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনে আদালত। অবশ্য পরে আপিল বিভাগ অবমাননার অভিযোগ থেকে আইইউবিএটিকে অব্যাহতি দেয় বলে প্রকৌশলী মফিজ জানান।

রাস্তার জন্য নির্ধারিত স্থানে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছে বলে জানান তিনি। 

অন্যদিকে আইইউবির এস্টেট ডিরেক্টর মো. নূরুল ইসলাম দাবি করেন, ইজতেমা মাঠের পশ্চিমে তাদের প্লট রাজউক বাতিল করলেও আদালতের মাধ্যমে তা আবার ফিরে পেয়েছেন।

তাছাড়া ওই জমির বদলে পূর্বাচলে রাজউকের ১৫ বিঘা জমি বরাদ্দের কোনো কাগজপত্রও তারা পাননি বলে দাবি করেছেন তিনি।

তবে ইজতেমার মুরব্বি গিয়াস উদ্দিন বলছেন, এআইইউবি কিছু জমি সাময়িকভাবে ব্যবহারের অনুমতি পেয়েছে। এছাড়া কয়েকজন বালু ব্যবসায়ী তাদের বালু না সরিয়ে শুধু সমান করে দিয়েছেন।

এ বিষয়ে যোগাযোগ করলে বালু সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ জাফর ট্রেডিং এর ব্যবস্থাপক পারভেজ জানান, গত বছর ইজতেমার পর থেকেই তারা তুরাগ থেকে বালু তুলে নদীর পশ্চিম তীরে রেখে বিক্রি করছেন।

“এবার ইজতেমা শুরুর আগে ওই এলাকা থেকে বালু সরিয়ে নেওয়ার কথা বলা হলেও পুরোপুরি না সরিয়ে কিছু জায়গার বালি ওপর থেকে সমান করে দেওয়া হয়েছে।”