২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে হামলায় আ. লীগ নেতা নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভায় ‘প্রতিপক্ষের’ হামলায় স্থানীয় এক নেতা নিহত হয়েছেন, আহত হন অন্তত ১০ জন। হামলার পর সভা পণ্ড হয়ে গেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 09:42 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এ হামলা চলাকালে দলের জেলা সাধারণ সম্পাদকের মাইক্রোবাসসহ একটি প্রাইভেট কার ও ১৫টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।  

নিহত আনন্দ মোহন ঘোষ (৪৮) কালীগঞ্জের কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বলে জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান।

আহতদের মধ্যে পাঁচ জনকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বিকাল ৪টার দিকে আওয়ামী লীগের সভায় হামলা হয়। এ সময় গাড়ি ও মোটরসাইকেল ভাংচুর হয়েছে।

আনন্দ ঘোষের মৃত্যুর খবর তিনি নিশ্চিত করেছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান অভিযোগ করেন, উপজেলা সম্মেলন উপলক্ষে কালীগঞ্জ পৌর কমিউনিটি সেন্টারে দলের বর্ধিত সভা চলছিল।

সেখানে তিনি, জেলা পরিষদের প্রশাসক আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দারসহ দলের জেলা পর্যায়ের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এ সময় দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সমর্থিত গ্রুপ হামলা চালায়।

তারা গাড়ি, মোটরসাইকেল ও চেয়ার টেবিল ভাংচুর করে। এতে সভায় উপস্থিত বেশ কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হন।

যশোর হাসপাতালে নেওয়ার পর রাতে আনন্দ ঘোষের মৃত্যু হয়।

এদিকে, আনোয়ারুল আজিম আনার জেলা সম্পাদকের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।

আহতদের মধ্যে রয়েছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ইসরাইল হোসেন, পৌরসভার প্যানেল মেয়র রেজাউল ইসলাম প্রমুখ।