নোয়াখালীতে অবরোধকারী-পুলিশ সংঘর্ষ, আহত ৭
নোয়াখালীর মাইজদীতে অবরোধ চলাকালে ২০ দলের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করেছে।
বুধবার দুপুরে সংঘর্ষের ঘটনায় আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, শহরের পৌর কল্যাণ স্কুলের সামনে ২০ দলের কর্মীরা টায়ারে আগুন দিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে এবং কয়েকটি যানবাহন ভাংচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ পর্যায়ে পুলিশ কয়েক রাউণ্ড শটগানের গুলি ছোঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় স্কুলের ভেতরসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, আহতদের মধ্যে মারজাহান (৩০) ও হৃদয়কে (২৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং দেলোয়ার, তামিম, মিলন ও জহিরুলকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ জানান, পুলিশ বিনা উসকানিতে ২০ দলের কর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালিয়েছে। এতে তাদের চারকর্মী গুলিবিদ্ধ হন।
