ফতুল্লায় এসি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ডাইং কারখানায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন দিনে চারজনের মৃত্যু হলো।
এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।
বুধবার সকালে মারা যান বাবুল (৪০)।
শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার মাহবুব আলম বলেন, তিন দিনের ব্যবধানে চার জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক।
এর আগে ওই হাসপাতালে মারা যান মাজেদুল (৩২), শহীদুল (৩৫) নামে দুই শ্রমিক এবং ইলেকট্রিক মিস্ত্রী শওকত হোসেন রুমি (৩০)।
গত ৩০ ডিসেম্বর ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্প নগরীতে নেভি গ্রুপের এম এস ডাইং কারখানার চতুর্থ তলায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
দগ্ধ পাঁচ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
