২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে হরতালে মিছিল-বোমাবাজি

বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে ডাকা হরতালে রংপুরের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত মিছিল ও বোমাবাজি হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 02:05 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, হরতালকে কেন্দ্র করে নাশকতার চেষ্টার অভিযোগে নগরীর কামারপাড়া, পার্কের মোড়, জুম্মাপাড়া ও মিঠাপুকুর উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় বিএনপির এই হরতালের ঘোষণা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাটে সংবাদ সম্মেলন করে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু এ হরতালের কর্মসূচি দেন।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রংপুর জেলা ও মহানগর বিএনপি এবং জেলা যুবদল হরতালের সমর্থনে শহরে মিছিল করে। সকাল ৭টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে দুটি হাতবোমায় বিস্ফোরণ ঘটানো হয়। 

হরতালে রংপুর থেকে দূরপাল্লার বাস বন্ধ রাখা হয়েছে। তবে শহরের ভেতরে ছোট যানবাহন চলছে। নগরীর অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানও খোলা রয়েছে।

পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, হরতালে বড় কোনো গোলযোগের খবর তারা পাননি। পুলিশের পাশাপাশি র‌্যাবও সতর্ক অবস্থায় রয়েছে।

সারা দেশে লাগাতার অবরোধের মধ্যে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এর পরপরই তার এলাকা ঠাকুরগাঁয়ে হরতাল শুরু করে জেলা বিএনপি। পরে পুরো রংপুর বিভাগে হরতালের ডাকা হয়।