২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শিবিরের মহানগর সভাপতিসহ আটক ১২

ইসলামী ছাত্র শিবিরের বরিশাল মহানগর সভাপতি রহমাতুল্লাহ শিহাবসহ ১২ জনকে আটক করেছে পুলিশ, যাদের মধ্যে ছয় জন পুলিশের ওপর হামলা মামলার আসামি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 11:36 AM

Updated : 12 Oct 2022, 03:08 PM

মহানগর পুলিশের উপ-কমিশনার গোলাম রউফ জানান, মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে নগরীর আলেকান্দা জমির খান সড়ক এলাকার একটি মেস থেকে তাদের ধরা হয়।

এদের মধ্যে ছয় জন গত ৩১ ডিসেম্বর নগরীর বান্দরোড স্টেডিয়াম এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত আসামি বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন।

উপ-কমিশনার রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই মেসে শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে বলে গোপন খবরের ভিত্তিতে  সেখানে অভিযান চালানো হয়।”

এ সময় ওই মেস থেকে উগ্রপন্থী বিভিন্ন বই ও প্রচারপত্র, কম্পিউটারের সিপিও, লোহার পাইপ ও পেট্রোল উদ্ধার করা হয়।

শিবির সভাপতি শিহাব ছাড়া আটক অন্যরা হলেন- সংগঠনের অর্থ সম্পাদক নিজামউদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আনিছুর রহমান, মানবাধিকার সম্পাদক রাসেল তালুকদার, বিএম কলেজ শাখার শিবির সভাপতি মুশফিকুর রহমান শাহ্জালাল, সদস্য মাহবুব আলম, ফজুলল হক, আব্দুল কাদের, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম, সিদ্দিকুর রহমান ও মারুফ হোসেন।