২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ: শুনানি হয়নি ২১ অগাস্ট মামলার

বিরোধী দলের অবরোধের কারণে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির না করায় এবং হাই কোর্টের আদেশ বিচারিক আদালতে না পৌঁছায় পঞ্চমবারের মতো পিছিয়ে গেল ২১ অগাস্ট গ্রেনেড হামলার সাক্ষ্যগ্রহণ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 11:06 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

মঙ্গলবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন আগামী ১২ এবং ১৩ জানুয়ারি এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আবার দিন রাখেন।

এ মামলার রাষ্ট্রপক্ষের অন্যতম কৌঁসুলি আকরাম হোসেন শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১ জানুয়ারির আগে ৩, ৪, ২২, ২৩ ডিসেম্বর এ মামলায় আসামিপক্ষে জেরার জন্য দিন ঠিক করা ছিল। কিন্তু প্রতিবারই হাইকোর্টের আদেশ এ ট্রাইবুনালে না পৌঁছায় পিছিয়ে যায় শুনানি।

ঢাকার নাজিমউদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের সামনের বিশেষ এজলাসে এ মামলার বিচার চলছে।

গত ৩০ সেপ্টেম্বর সাক্ষী জজ মিয়া রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন। তার সাক্ষ্য গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে আবেদন করেন মামলার আসামি উজ্জ্বল ওরফে রতন।

হাই কোর্ট শুনানি শেষে ২৩ সেপ্টেম্বর ওই আবেদন নিষ্পত্তি করে দিলেও ওই আদেশ এখনও বিচারিক আদালতে পৌঁছেনি।