ফেনীর ২ এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত
নির্বাচনের বর্ষপূর্তির দিন সোমবার ফেনীতে হাতবোমা বিস্ফোরণে আহত দুই এসএসসি পরীক্ষার্থী ঢাকা ও চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
তাদের স্বজনরা জানান, দুজনই চোখসহ শরীরের বিভন্ন স্থনে গুরুতর আহত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সোমবার শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্টে এ বোমা হামলায় আহ হয় ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম অনিক (১৬) ও শাহরিয়ার হৃদয় (১৫)।
প্রাইভেট পড়া শেষে রিকশায় বাসায় ফেরার পথে বোমা বিস্ফোরণের শিকার হয় তারা।
অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহরিয়ার হৃদয়কে চট্টগ্রামের পাহাড়তলীর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিনহাজুল ইসলাম অনিকের মা জেসমিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনিকের চোখ, কপাল ও মাথায় বোমার স্প্লিন্টার ঢুকেছে। চিকিৎসকরা স্প্লিন্টার বের করার চেষ্টা করছেন। তার ডান চোখের ব্যাপক ক্ষতি হয়েছে।
অনিক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকড়া গ্রামের ওমান প্রবাসী মিজানুর রহমানের ছেলে।
ছেলেকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি করে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে বাসা ভাড়া করেন তার বাবা।
অনিক বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা।
চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালে তার ক্ষতিগ্রস্ত চোখটিতে মঙ্গলবার অস্ত্রোপচার করা হয়েছে। সে এখন ওই হাসপাতালে ভর্তি আছে।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, হৃদয়ের ক্ষতিগ্রস্ত চোখ আর ভালো নাও হতে পারে।
এছাড়া তার মাথায় আর মুখেও একাধিক স্প্লিন্টার ঢুকেছে বলেও ডাক্তার জানিয়েছেন বলে জানান তার বাবা।
কুয়েত প্রবাসী দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের হীরাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে হৃদয়। চার বছর আগে দেশে ফিরে ছেলে হৃদয় ও বড় মেয়ের পড়ালেখার সুবিধার্তে শহরের রামপুর ভূঞা বাড়ি এলাকায় বাসা ভাড়া করেন।
পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবার তার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা।
দুই ছাত্রকে সহায়তা প্রদান
আহত এই দুই শিক্ষার্থীর চিকিৎসার্থে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ৫০ হাজার করে এক লাখ টাকা অনুদান দিয়েছেন।
এছাড়া তাদের চিকিৎসার্থে আরও অর্থ ব্যয় হলে তাও দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
মঙ্গলবার দুপুরে হামলার নিন্দা জানিয়ে পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান, ককটেলের আঘাতে ক্ষতিগ্রস্ত অনিকের মামা শহিদুল ইসলাম মানিক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মঙ্গলবার দুপুরে থানায় মামলা দায়ের করেছেন।
তবে এ মামলায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান তিনি।
দুই এসএসসি পরীক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদ ও দোষিদের শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ‘আমরা রাজনৈতিক সহিংসতা হতে বাঁচতে চাই’ শ্লোগানে তিন শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করে।
সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র আলা উদ্দিন, পরশুরাম পৌরসভার চেয়ারম্যান কামাল মজুমদার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলফত আলী, ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা শিক্ষার্থীর উপর ককটেল হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দোষিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
