২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচার বন্ধেই সহিংসতা: জয়

যুদ্ধাপরাধের বিচার বন্ধ করতেই বিএনপি-জামায়াত জোট ‘স্বভাবগত অপকৌশল’ হিসেবে সহিংসতার পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 12:37 AM

Updated : 22 Aug 2022, 11:25 AM

সোমবার রাতে নিজের ফেইসবুক পাতায় দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “বিএনপি-জামায়াত তাদের স্বভাবজাত অপকৌশল হিসেবে আবারও হত্যা এবং সহিংসতার পথ অবলম্বন করেছে।

“তারা মিছিলের নাম করে কিছুদিন আগে একজন নিরপরাধ শিক্ষককে হত্যা করলো। এখন তারা বাস পোড়াচ্ছে এবং বোমা হামলা করছে।”

৫ জানুয়ারির নির্বাচনের বছর পূর্তির দিনে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে সোমবার দেশের অধিকাংশ স্থানে সহিংসতা হয়েছে, যাতে নিহত হয়েছেন চারজন এবং বহু আহত হয়েছেন।

দুই প্রধান রাজনৈতিক দলের এক পক্ষ ‘গণতন্ত্র হত্যা দিবস’ এবং অন্য পক্ষ ‘গণতন্ত্র রক্ষা দিবস’ পালনের কর্মসূচি দেওয়ায় দশম সংসদ নির্বাচনের এক বছর পর পুনরায় সংঘাত পরিস্থিতি তৈরি হয়।

দেশব্যাপী সহিংসতার জন্য বিএনপি জামায়াতকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন, এক বছর আগেও তারা একই কাজ করেছিল। তখন তারা ইচ্ছাকৃতভাবে নিরপরাধ মানুষের গায়ে অগ্নিসংযোগ করছিল, বিশজন পুলিশসহ শতাধিক লোক হত্যা করেছিল।

“এমনকী নির্বাচনের দিন তারা ৫৮২টি স্কুল জ্বালিয়ে দিয়েছিল এবং একজন প্রিজাইডিং অফিসারসহ হত্যা করেছিল ২৬ জন মানুষ।”

এসব কর্মকাণ্ডকে সন্ত্রাসীদের কাজ আখ্যায়িত করে তিনি বলেন, এখন তারা সব কিছু করছে যুদ্ধাপরাধের বিচার বন্ধ করার জন্য। তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে মানুষ হত্যা করছে।

ফেইসবুক পোস্টে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন।

তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে মানুষ শান্তিতে রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, স্বাস্থ্যসেবা, শিক্ষা, আবকাঠামো এবং ডিজিটাল বাংলাদেশসহ মানুষের জীবনমানের প্রতিটি ধাপ উন্নয়নে চমকপ্রদ উন্নতি ঘটেছে।

মাথাপিছু আয় বাড়ার পাশাপাশি দারিদ্র্যের হার অর্ধেকে নেমে এসেছে বলেও দাবি করেন জয়।

তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একের পর এক বিজয় এবং যুদ্ধাপরাধের সাজা দেওয়া শুরু হওয়ায় একমাত্র জামায়াত ও বিএনপি অখুশি হয়েছে।