২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় বিএনপি কার্যালয়ে আগুন

রাজধানীর বংশাল এলাকায় হাতবোমা বিস্ফোরণের পর বিএনপির স্থানীয় কার্যালয়টি পুড়িয়ে দিয়েছে সরকার সমর্থকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 06:48 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

৫ জানুয়ারি পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনার মধ্যে সোমবার বেলা পৌনে ৩টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির ওই কার্যালয়ে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর সুরিটোলা ওভারব্রিজের কাছে রাস্তার ওপর ৩/৪টি হাতবোমা বিস্ফোরণ হয়। এর পরপরই শতাধিক সরকার সমর্থক একটি মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে ভাংচুর চালায় এবং ভেতরের আসবাবপত্রে আগুন দেয়।

সেখানে থাকা একজন নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  রোববার রাতে পুরান ঢাকায় আওয়ামী লীগের একটি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছিল। তার প্রতিক্রিয়ায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।

দশম সংসদ নির্বাচনের বছর পূর্তির দিন রাজধানী ঢাকায় বিএনপির নেতা-কর্মীদের সক্রিয়তা তেমন দেখা না গেলেও সরকার সমর্থকদের মহড়া ছিল রাজধানীর মোড়ে মোড়ে।

বিএনপি সমর্থকরা কয়েকটি স্থানে মিছিলের চেষ্টা করলে পুলিশের ধাওয়ার মুখে পড়ে। তখন হাতবোমার বিস্ফোরণ ঘটতে দেখা যায়।   

বনানীর কাকলী মোড়ে দুপুরে হাতবোমাসহ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তারা হলেন- তরিকুল ইসলাম (২৪), ফাহিম (২০), সাইফুল ইসলাম (২৪), মুজাহেদুল ইসলাম (১৮) এবং রেজওয়ান (২২)।

বনানী থানার ওসি ভূইয়া মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর  ডটকমকে বলেন, তাদের কাছ থেকে আটটি ককটেল উদ্ধার করা হয়।

বিএনপির এই সমর্থকরা কাকলী এলাকায় গাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগের চেষ্টা করেছিল বলে দাবি ওসির।