রাজধানীতে ঝটিকা মিছিল, সংঘর্ষ, ভাংচুর
পুলিশের নিষেধাজ্ঞার মধ্যে রাজধানীতে মিছিল নিয়ে বেরিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি-জামায়াতের কর্মীরা।
জাতীয় নির্বাচনের বর্ষপূর্তির দিন সোমবার বেলা সোয়া ১১টার দিকে ভাটারার কুড়িল বিশ্বরোড থেকে যমুনা ফিউচার পার্কের সামনের এলাকায় এই সংঘর্ষ চলে।
সংঘর্ষ থামাতে পুলিশ ফাঁকা গুলি করে বলে ভাটারা থানার পরিদর্শক মো. আবু বকর মিয়া জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বিএনপি-জামায়াতকর্মীরা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এ সময় কুড়িল চৌরাস্তা এলাকার হাকিম প্লাজায় ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ ভাংচুর করা হয়। একটি পিকআপ ভ্যানে আগুন দেয় শিবিরকর্মীরা।
এটিম বুথের নিরাপত্তা কর্মী নাদিম বলেন, ১০/১২ জনের একটি দল ঝটিকা মিছিল নিয়ে বিশ্বরোড থেকে নর্দার দিকে যাওয়ার সময় এটিএম বুথ লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে।
এ সময় বুথের সামনের গ্লাস ভেঙে যায় এবং ভেতরে এক গ্রাহক ঢিল লেগে আহত হন।
পুলিশ এসে ফাঁকা গুলি ছুড়লে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় বলে ওই নিরাপত্তাকর্মী জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি-জামায়াতকর্মীরা এ সময় বেশ কয়েকটি হাতবোমা ফাটায় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তারা সরে যাওয়ার পর আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা সেখানে অবস্থান নেন।
কাছাকাছি সময়ে পল্টন টাওয়ারের সামনে শিবিরের একটি ঝটিকা মিছিল থেকে এক পুলিশ সার্জেন্টের মোটরসাইকের পুড়িয়ে দেওয়া হয়।
এ সময় ধাওয়া দিয়ে পুলিশ দুইজনকে আটক করে বলে ঘটনাস্থলে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক জানান।
এদিকে বেলা সোয়া ২টার দিকে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রবেশমুখে একটি ও পল্টন মোড়ে তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে গোয়েন্দা পুলিশের পরিদর্শক জসীম উদ্দিন জানান। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি বলতে পারেননি।
বেলা সাড়ে ১২টার দিকে গুলশান-২ নম্বর গোল চত্বর এলাকায় বোমাবাজির পর পুলিশ ফাঁকা গুলি ছোড়ে বলে আমাদের প্রতিবেদকরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক লিটন হায়দার ঘটনাস্থল থেকে জানান, হাতবোমা বিস্ফোরণে শব্দ হওয়ার পরপরই গুলশান ২ নম্বরে একটি ভবনের সামনে অবস্থান নেওয়া একজন যুবলীগ কর্মীকেও প্রকাশ্যে অস্ত্র তুলে ফাঁকা গুলি ছুড়তে দেখা যায়।
বনানী থানার এসআই জাকির হোসেন বলেন, বিভিন্ন জায়গা থেকে গুলির শব্দ শুনে তারা ফাঁকা গুলি ছুড়েছেন। যুবলীগকর্মীর গুলি ছোড়ার বিষয়টি তার জানা নেই।
৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তির দিনে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণায় উত্তেজনা সৃষ্টি হলে রোববার বিকাল ৫টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ।
ঢাকার বাইরে এই নিষেধাজ্ঞা না থাকলেও নাটোরে বিএনপির একটি মিছিলের প্রস্তুতি চলার সময় গুলিতে দুইজন নিহত হয়েছেন।
এছাড়া ঢাকার বাইরে সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, ভোলা, ব্রাহ্মণবোড়িয়া, সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে।
