২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিঃশর্ত ক্ষমা চেয়ে পার পেলেন মতিউর ও মিজানুর

এবার আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়ে অবমাননার অভিযোগ থেকে পার পেলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 12:03 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের আট সদস্যের বেঞ্চে সোমবার নিঃশর্ত ক্ষমা চান তারা।

আদালতে তাদের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন ও ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী সালাউদ্দিন দোলন।

মাহবুবে আলম পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত তাদের নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ করে বিষয়টির নিষ্পত্তি করে দিয়েছে।”

সকালে প্রথম আলোর পক্ষ থেকে কামাল হোসেন আদালতে অ্যাফিডেভিট আকারে দুই ব্যাখ্যা দাখিল করেন।

ওই ব্যাখ্যার বিষয়ে আদালত বলেন, বিবাদীরা হয় ক্ষমা প্রার্থনা করবে, না হয় মামলা চড়বে। ক্ষমা চাইলে ব্যাখ্যার কোনো সুযোগ নেই।

প্রথম আলোর আরেক আইনজীবী আমীর-উল ইসলাম বলেন, বিচারপতিরাও আইনের ঊর্ধ্বে নন। সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী যে কোনো পর্যায়ে ক্ষমা চাওয়ার সুযোগ আছে।

এ সময় আদালত বলেন, “আমরা ইতোমধ্যে অনেক রায়ে এই সিদ্ধান্ত দিয়েছি, আদালত অবমাননার মামলায় প্রথমেই বলতে হবে, ক্ষমা নাকি কনটেস্ট।”

আদালত এরপর বিষয়টি নিয়ে ড. কামালকে বিবাদীদের সঙ্গে পরামর্শ করতে বলেন। প্রথমআলো সম্পাদকের সঙ্গে পরামর্শ করে কামাল ক্ষমা চাওয়ার কথা জানান।

আদালত তখন বলেন, “তাহলে আগের জবাব প্রত্যাহার করতে হবে। লিখিত আবেদন দিতে হবে।”

এরপর আদালত বিরতিতে যায় এবং বিরতির পর মতিউর রহমান ও মিজানুর রহমানের পক্ষে ক্ষমার আবেদন দাখিল করা হয়।

তবে তখনও ড. কামাল হোসেন সুপ্রিম কোর্ট রুলসের কথা উল্লেখ করে বলেন, আদালত অবমাননার শাস্তি কার্যকরের আগেও ক্ষমা চাওয়ার সুযোগ রয়েছে।

এ বিষয়ে শুনানিতে আদালত বলেন, “আপনারা লিখুন। তবে কোনো কিছু লিখতে হলে আগে জানতে হবে। জেনে বুঝে দায়িত্বশীলতার সঙ্গে লিখতে হবে।

“এমনভাবে লিখতে হবে, যাতে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়। যাতে এই প্রতিষ্ঠানের অবমূল্যায়ন করা না হয়।”

প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে এক নিবন্ধের কারণে আদালত অবমাননার রুল জারি করে গত ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও মিজানুর রহমান খানকে তলব করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রথম আলোতে ‘প্রধান বিচারপতি বেছে নেওয়া’ শিরোনামে মিজানুর রহমান খানের লেখা ওই নিবন্ধে বলা হয়, “বাংলাদেশের প্রধান বিচারপতি ১৬ জানুয়ারি ২০১৫ অবসরে যাওয়ার কারণে আরেকজন নতুন প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি সামনে এসেছে। এই পদে নিয়োগে কী প্রক্রিয়া অনুসরণ করা হবে, তা নিয়ে তেমন আলোচনা কখনো হয়নি।

ওই নিবন্ধের বিষয়ে ব্যাখ্যা দিতেই সোমবার তাদের আপিল বিভাগে হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত।

জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বিষয়টি আপিল বিভাগের নজরে আনলে আদালত তাকে আবেদন করতে বলেন।

পরে ব্যারিস্টার সিরাজুম মুনির আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করলে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মতিউর রহমান ও মিজানুর রহমান খানকে তলবের আদেশ হয়।

এর আগে ‘মিনিটে একটি আগাম জামিন কীভাবে?” এবং ‘ছয় থেকে আট সপ্তাহের স্বাধীনতা’ শিরোনামে দৈনিক প্রথম আলোয় প্রকাশিত দুটি লেখা নিয়ে গত ২ মার্চ মিজানুর রহমান খানকে তলব করে হাই কোর্টের এই বেঞ্চ।

গত ১৩ মার্চ ওই মামলার রায়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাই কোর্ট বেঞ্চ শুনানি ও রায়ের পাঁচদিন আদালতে মিজানুর রহমান খানের দাঁড়িয়ে থাকাকে দণ্ড হিসাবে গণ্য করে এবং তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে।

প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মতিউর রহমানের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় সে সময় কে সতর্ক করে সাজা থেকে অব্যাহতি দেয় আদালত।

সোমবার আপিল বিভাগের শুনানিতে বিচারক বলেন, “আমরা আশা করব, এ ধরনের অবমাননা আর হবে না। ভবিষ্যতে সতর্ক হতে হবে।”

আদালত ক্ষমার আবেদন গ্রহণ করার পর আবেদনকারীর আইনজীবী সালাউদ্দিন দোলন বলেন, “এই অবমাননাকারী ধারাবাহিকভাবে আদালতের বিরুদ্ধে লিখেই চলেছেন। তিনি হ্যাবিচুয়াল কন্টেম্পনার।”

বিচারক এ সময় বলেন, “বাদ দেন। সেটা আর আমরা আনতে চাই না।”

পুরনো খবর:

অবমাননা: মিজানুর ও মতিউর রহমানকে ফের তলব