গোসাইরহাটে শিশু ধর্ষণের শিকার
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এক শিশুকে তার ভগ্নিপতি ধর্ষণ করেছে বলে পুলিশ জানিয়েছে।
বড়কাচনা গ্রামে এ ঘটনার পর গুরুতর অসুস্থ মেয়েটিকে (৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় আবুল কালাম ও গোসাইরহাট থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন জানান, শুক্রবার মাদারীপুরের কালকিনি উপজেলার আবদুর রহমান ফরাজি বড়কাচনা গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে আসে।
পরদিন (শনিবার) দুপুরে বাড়ি ফেরার আগে আবদুর রহমান ফরাজি নিজের শ্যালিকাকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষন করে চলে যায়।
পরে শনিবার রাতে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় সদর হাসপাতালের চিকিৎসক রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
ওসি মোফাজ্জেল আরও জানান, ঘটনাটি জানাজানি যাওয়ার পর আ. রহমান ফরাজি পালিয়ে গেছে।
গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
শরীযতপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান খান বলেন, রাতে সদর হাসপাতালে নিয়ে আসার পর তার রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
