৭৫ বছরে এফএইচ হল: আড্ডায়, গল্পে স্মৃতিচারণ
স্মৃতিচারণ আর পুরনো দিনের গানে নিজেদের বিশ্ববিদ্যালয় জীবনের কথা স্মরণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
১৯৪০ সালের ১ জুলাই এই হলের প্রতিষ্ঠা। সে হিসাবে এ বছর ৭৫ বছরে পা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চতুর্থ ‘বয়োজ্যেষ্ঠ’ হল।
শনিবার প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠানের মূল আয়োজনে ছিল কার্জন হল ক্লাব’ ৭২।
অনুষ্ঠানে আসা এই হলেরই আবাসিক ছাত্র অধ্যাপক আবু জাফর তার হলে আসার স্মৃতিচারণ করে বলেন, “১৯৬০ সালে আমি পাস করে গেছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় আমি কার্জন হল থেকে বের হয়ে ঘুরে সাবেক রেলওয়ে কলোনির গেট দিয়ে হলে ঢুকি।
“হাতের বায়ে একটা গোলাপ ফুলের বাগান দেখি। গোলাপ ফুলের বাগান দেখেই মফস্বল শহর থেকে আসা এই আমার কাছে ভালো লেগে গেল। এরপর এই হলের ছাত্র, হাউজ টিউটর, প্রভোস্ট হিসাবেও কাজ করার সুযোগ পেয়েছি।
“৫০ বছর পূর্তি হয়েছিল ৯০-এ। সময়টা খারাপ ছিল, তাই আমরা ৯২-এ অনুষ্ঠান করেছি। আমার তখন ভালো লেগেছে, এত সব গোলমেলে অবস্থার মধ্যেও অনুষ্ঠান করতে পারায়। আমার সিনিয়ররা এসে হলের যেখানে সেখানে বসেছে, নিঃশ্বাস ফেলেছে। আজও আমার কাছে সে রকমই মনে হচ্ছে।”
অনুষ্ঠানের সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম বলেন, “আমরা হল জীবনে যে পাতলা ডাল খেয়েছি, আজ মূলত সেই সময়কে স্মরণ করতে এখানে আসা।”
অনুষ্ঠানের অধিকাংশ সময়জুড়ে থাকা সাংস্কৃতিক আয়োজনে পুরনো দিনের গান পরিবেশন করেন শিল্পী মুনতারিন মহল।
তিনি প্রণব রায়ের কথা ও কলম দাশগুপ্তের সুর করা ‘চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয় আমারও সমাধি পরে’ গানটি পরিবেশন করেন। এরপর মহিউজ্জামান চৌধুরী ময়নার কণ্ঠে ভেসে ওঠে ‘তুমি কি তখন দেখেছ স্বপন’ গান।
এই দুই শিল্পীর পাশাপাশি কখনো একক, কখনো কোরাসে গানে গানে সুর তোলেন শিল্পী শারমিন সাথী, তিমির নন্দী, নাসিমা শাহিন বিজন মিস্ত্রী প্রমুখ। ৪০, ৫০, ৬০ ও ৭০ দশকের গানই পরিবেশন করেন তারা।
অনুষ্ঠানে বক্তব্য পর্বের আগে দীপা খন্দকারের পরিচালনায় তারানার দল পরিবেশন করেন নৃত্য।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও উপ উপাচার্য সহিদ আকতার হুসাইন।
আরেফিন সিদ্দিক বলেন, “আমাদেরকে সন্তানদেরকে ফজলুল হকের জীবনের শিক্ষা দিতে হবে। ছোটবেলা থেকেই তিনি দৃঢ় মনোবলের মানুষ ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় তিনি জোরালো ভূমিকা রেখেছিলেন।”
“ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আর বাংলাদেশের ইতিহাস একই। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ গড়েছে। বঙ্গবন্ধুও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে রাষ্ট্রভাষা করার এবং বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন।”
“এগুলো ইতিহাস। অথচ স্বাধীনতা নিয়ে আজ বহু ধরনের কথা বলা হয়। নানা ধরণের অপবাদ দেওয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা একদিনের একটি ঘোষণা নয়। এটা দীর্ঘ দিনের ইতিহাস।”
১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন তিনটি হলের পরে চতুর্থ হল হিসাবে ১৯৪০ সালের ১ জুলাই এই হল প্রতিষ্ঠিত হয়।
সেই সময়কার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের নাম অনুসারে এই হলের নামকরণ কর হয়। শেরে বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত নাথান কমিটিরও সদস্য ছিলেন।
