২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের শোভাযাত্রায় যানজটের দুর্ভোগ

ছাত্রলীগের শোভাযাত্রার কারণে ছুটির দিনেও রাজধানীর একাংশে চলাচলে যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে রাজধানীবাসীকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 04:19 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

শনিবার দুপুর থেকে শাহবাগ, পল্টন, গুলিস্তান, এলিফ্যান্ট রোডে এই যানজট দেখা যায়, যা কয়েকটি স্থানে বিকাল পর্যন্ত ছিল।

প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে ছাত্রলীগের শোভাযাত্রাটি শাহবাগ-কাকরাইল হয়ে বিজয় নগর দিয়ে গুলিস্থানে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সড়ক আটকে সরকার সমর্থক সংগঠনটির এই শোভযাত্রা চলার সময় যান চলাচলের কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি পুলিশকে।

সড়কে দায়িত্বপালনরত ট্রাফিক পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার হাফিজ আল ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এই র‌্যালি উপলক্ষে কোনো ডাইভারশনের ব্যবস্থা করিনি। তবে যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”

দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার শোভাযাত্রা শুরু হলেও তার আগে থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে ছাত্রলীগ নেত-কর্মীরা আসতে থাকায় সড়ক যানজট সৃষ্টি হতে থাকে।

বেলা দেড়টায় কাকরাইল মোড়ে রাজমনি ঈশা খাঁ হোটেলের সামনে ছাত্রলীগের শোভাযাত্রা যাওয়ার সময় বিকট শব্দে বাজতে থাকা হিন্দি গানের সঙ্গে কর্মীদের নাচতেও দেখা যায়।

সেখানে যানজটে আটকে পড়া আবিদা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা আনন্দ করতে পারে, কিন্তু তাতে জনদুর্ভোগ তৈরি করাটা সমর্থনযোগ্য নয়।” 

শিল্পকলা একাডেমির কাছে যানজটে আটকে থাকা রিকশাযাত্রী সাইফুল ইসলাম বলেন, “ছাত্ররা থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে। তারা রাস্তা দখল করে র‌্যালি করে জনদুর্ভোগ তৈরি করবে কেন?”

দেশের অন্যতম প্রাচীন ছাত্র সংগঠনটি বর্ণাঢ্য শোভাযত্রা বের করে সংগঠনের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে। রঙিন টি শার্ট ও রঙিন শাড়িতে এই শোভাযাত্রায় অংশ নেয় নেতা-কর্মীরা। শোভাযাত্রায় ছিল ঘোড়ার গাড়িও।