২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ছাত্রদলের ১৮৮ জনের বিরুদ্ধে মামলা

ফেনীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের আসামি করে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 02:16 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম সালাহ উদ্দিন মামুনসহ সংগঠনের ১৮৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ওই মামলা হয়েছে বলে ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানিয়েছেন।

শনিবার পুলিশ বাদী হয়ে ফেনী মডেল থানায় করা এ মামলায় আরও হাজারখানেক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ফেনীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে হাতবোমা বিস্ফোরণ ও ভাংচুরের পর শুক্রবার বিকালে পুলিশের সঙ্গে সংগঠনটির নেতাকর্মীদের ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়।

পুলিশের করা ওই মামলায় এখন পর্যন্ত ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা ও শহর পুলিশ ফাঁড়ির এসআই কামাল হোসেন জানিয়েছেন।

এদের মধ্যে ফেনী সদর থেকে ২৯ জন, দাগনভূঁঞায় ১০ জন, ফুলগাজীতে ছয়জন, ছাগলনাইয়ায় পাঁচজন, সোনাগাজীতে দুইজন এবং পরশুরাম থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

শনিবার আদালতের মাধ্যমে গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি মাহবুব মোর্শেদ জানান।