২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পুলিশের বিরুদ্ধে ধরে নিয়ে গুলির অভিযোগ

সাতক্ষীরা শহরে পুলিশের গুলিতে এক যুবক আহত হয়েছেন, যাকে ধরে নিয়ে গুলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 12:30 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম রহমান বলেছেন, শনিবার ভোর ৫টায় শহরের পলাশপোল এলাকার কপোতাক্ষ পেট্রোল পাম্পের পেছনে অভিযান চলাকালে সন্ত্রাসীরা বোমা ছোড়ার পর পুলিশের গুলিতে ওই যুবক আহত হয়েছেন।

আহত মিন্টু সরদার (৩০) মাদক বিক্রেতা বলে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অন্যদিকে স্থানীয়রা জানিয়েছেন, পলাশপোল এলাকার মৃত আব্দুল গফফার সরদারের ছেলে মিন্টু সদরে কাঠমিস্ত্রির কাজ করেন।

ওসি গোলাম রহমান বলেন, “ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে কপোতাক্ষ পেট্রোল পাম্পের পিছনে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাতবোমা ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কয়েকজন যুবক।

“আত্মরক্ষায় পুলিশ গুলি করলে মিন্টুর ডান পায়ে গুলি লাগে। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।”

ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন ওসি।

তবে হাসপাতালে চিকিৎসাধীন মিন্টুর অভিযোগ, রাতে পুলিশ তাকে পলাশপোলে শ্বশুর বাড়ি থেকে ধরে কপোতক্ষ পেট্রোল পাম্পের পেছনে নিয়ে পায়ে গুলি করেছে।

এ বিষয়ে জানতে অভিযানে নেতৃত্ব দেওয়া সদর থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেনকে ফোন করা হলে ব্যস্ততার কথা বলে তিনি লাইন কেটে দেন।