বিজ্ঞানচর্চা সবার হোক: জাফর ইকবাল
বাংলাদেশে বিজ্ঞানচর্চাকে এগিয়ে নিতে এই ভূখণ্ডের মানুষের ‘চিরায়ত জ্ঞান’ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
শুক্রবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে ‘সায়েন্স ফিকশন বইমেলা-২০১৫’ এর উদ্বোধনে তিনি বলেন, “বাংলাদেশে বিজ্ঞানের সবচেয়ে বড় আবিস্কার কি? আমি বলব, হরিধান।”
ঝিনাইদহ সদর উপজেলার আসানসোল গ্রামের কৃষক হরিপদ কাপালী নিজের জমিতে ভাল ফলনের ধান বাছাই করে রেখে ১৯৯৯ সালে নিজের অজান্তেই নতুন এ জাতের উদ্ভাবন করেন। এ ধানের বিঘাপ্রতি ফলন পাওয়া যায় ১৮ থেকে ২০ মণ।
তার সেই উদ্ভাবনের কথা তুলে ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের প্রধান জাফর ইকবাল বলেন, “যশোরে এক কৃষক ধান লাগিয়েছে, তিনি দেখলেন, একটা নির্দিষ্ট ধানের গোছায় অনেকগুলো ধান হয়। সাধারণ মানুষ হলে চলে যেত। তিনি যেহেতু বিজ্ঞানী, তিনি সেটা নিয়ে আসলেন, আবার নতুন করে লাগালেন। দেখলেন- আসলোই এটা কাজ করছে।
“হরিধান এখন ওই অঞ্চলে ব্যাপক আকারে চাষ করা হয়। বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে গবেষণা করে যা দিতে পারেন, একজন চাষী কিন্তু আমাদেরকে সেটাই দিয়েছেন। আমি এ ধরনের বিজ্ঞানকেই গুরুত্ব দেই। আমাদের দেশের গ্রামেগঞ্জে খুঁজলেই পাওয়া যাবে।”
সম্প্রতি ঢাকার শাহজাহানপুরে পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু জিহাদকে উদ্ধারে কয়েকজন উদ্যমী তরুণের উদ্ভাবনী চেষ্টার বিষয়টিও আসে জাফর ইকবালের কথায়, যিনি নিজে এক সময় যুক্তরাষ্ট্রের বিখ্যাত বেল কমিউনিকেশনস রিসার্চ (বেলকোর) এ গবেষণার কাজে যুক্ত ছিলেন।
“জিহাদকে উদ্ধার করার জন্য বড় বিশ্ববিদ্যালয়ের বড় ল্যাবরেটরি, বড় প্রফেসর পারে নাই। পেরেছে সাধারণ মানুষ। তাকে গুরুত্ব দিতে হবে। আমি বিজ্ঞানকে কয়েকজন বৈজ্ঞানিক, কিছু বিশ্ববিদ্যালয় বা কিছু ল্যাবরেটরির মাঝে আটকে রাখার পক্ষপাতি না।”
জাতিকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার জন্য ‘সাইন্স ফিকশন সোসাইটি’র মতো সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
“আমি নিজে শিক্ষক মানুষ। বিজ্ঞান আমার ভালোবাসা। আমি সারা জীবন বিজ্ঞানকে জনপ্রিয় করতে কাজ করছি। আমার সেই কাজের ক্ষেত্রে আরো একটি সংগঠন যোগ হয়েছে।”
এই শিক্ষকের দেখায়, বাংলাদেশের ছেলে-মেয়েরা ‘অসাধারণ প্রতিভা’র অধিকারী। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এই মেধাবীদের বেশ কিছু কাজের কথাও তিনি অনুষ্ঠানে তুলে ধরেন।
“আমাদের বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের কাজ কারবার চলে। আপনারা গেলে দেখবেন, একটা ঘর থেকে হয়তো একটা রোবট বের হয়ে অন্য ঘরে ঢুকে গেল। অথবা একটা ড্রোন আকাশে উঠছে।”
অনুষ্ঠানের দর্শক শ্রোতাদের সামনে সেই ড্রোন বানানোর গল্পও তুলে ধরেন জনপ্রিয় কল্পবিজ্ঞান লেখক জাফর।
“কয়েকদিন পর বিবিসি বাংলা থেকে একজন সাংবাদিক ফোন করে বলল, আপনারা নাকি ড্রোন বানাচ্ছেন? আমি আকাশ থেকে পড়লাম। তাকে বললাম, কোথা থেকে জানলেন? তিনি বললেন, খবরের কাগজে দেখেছি।”
এরপর জাফর ইকবাল জানতে পারেন, সাংবাদিকরা প্রশ্ন করায় তার সেই ছাত্র ড্রোন বানানোর বিষয়টি বলেছেন। কিন্তু বিষয়টি ‘মান-সম্মানের বিষয়’ হয়ে দাঁড়িয়েছে মনে করে সেই শিক্ষার্থীর হাতে কিছু টাকা দিয়ে ড্রোন বানাতে লাগিয়ে দিলেন এই অধ্যাপক।
“তারা ড্রোন বানানো শুরু করল। সেটি প্রতিদিন উড়তে উড়তে পড়ে যায়। এভাবে একদিন ঠিকই আকাশে উড়ল। তারা ফেইসবুকে দিয়ে দিল- চিলও উড়ছে।
“একদিন দেখি অনেক সাংবাদিক এসেছে, টিভিতে ড্রোন দেখাবে। তারা আমাকে ড্রোনের কাছে নিয়ে গেল। আমি সেখানে গেলাম; বললাম, তোমাদের ড্রোন উড়বে তো? তারা বলল, উড়তেও পারে। অবশেষে উড়ল। আমার হাফ ছেড়ে বাঁচলাম।”
জাফর ইকবাল জানান, এই শিক্ষার্থীরা তাদের সেই ড্রোন নিয়ে সুন্দরবনেও গেছে। ড্রোন দিয়ে তুলে এনেছে তেল ছড়ানোর ছবি। তার এর নাম দিয়েছে ‘অপারেশন সুন্দরবন’।
“বোঝা যায়, এটা একটা খেলনা না, মজা না। এর বাস্তব প্রয়োগ আছে।”
তিনি জানান, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে রোবট কিংবা ড্রোন বানানোর মতো কোনো বিভাগ নেই। কিন্তু শিক্ষার্থীরা নিজেদের আগ্রহে উদ্যোগে তা করছে। তাদের এই কাজে বিজ্ঞান বা মানবিকের ছাত্র বলে কোনো ভেদাভেদ নেই।
বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির উদ্যোগে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোশতাক আহমেদ। অন্যদের মধ্যে অধ্যাপক মোহিত কামাল, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. হাফিজুর রহমান বক্তব্য দেন।
বিজ্ঞান ও কল্পবিজ্ঞানের বই নিয়ে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত এই মেলা চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।
