সুনামগঞ্জে সেচ নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় জমিতে সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন।
আহতদের মধ্যে আবুল খায়ের খান (৬৫), পুতুল খান (৬০), ফরিদ খান (৬০), জুনেদ খান (৩৫) ও জুবেদ খানকে (২৮) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
বাকিরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের উদ্ধৃত করে পুলিশ কর্মকর্তা আল আমিন জানান, বড়মোহা গ্রামে হাওরের জমিতে সেচ দেওয়া নিয়ে স্থানীয় শাহী আলম খানের সঙ্গে একই গ্রামের ফজলু মাস্টারের কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জেরে শুক্রবার দুই পক্ষই দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহন হন।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান।
