২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলা-ঘষিয়াখালী চ্যানেল বাঁচাতে পদযাত্রা

মংলা-ঘষিয়াখালী নৌ-চ্যানেল বাঁচানোর দাবি তুলে দাউদখালী নদীবক্ষ থেকে ঘষিয়াখালী চ্যানেলের কুমারখালী নদী পর্যন্ত পদযাত্রা করে সমাবেশ করেছে কয়েকটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 09:54 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

বৃহস্পতিবার রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটিসহ বেশ কয়েকটি সংগঠন এ কর্মসূচিতে যোগ দেয়।

পদযাত্রা আয়োজনকারী অপর সংগঠনগুলোর মধ্যে ছিল কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি), আন্তর্জাতিক মংলা-ঘষিয়াখালি চ্যানেল রক্ষা সংগ্রাম কমিটি, সার্বিক মানব উন্নয়ন সংগঠন-কারিতাস ও পিপলস্ রাইট ভয়েস (পিআরভি)।

সমাবেশে বক্তারা বলেন, মংলা-রামপাল-ঘষিয়াখালী চ্যানেলটি নাব্যতা হারানোর ফলে গত তিন বছর ধরে এ পথে নৌযান চলাচল বন্ধ রয়েছে। চ্যানেলটি বন্ধ হওয়ার পর থেকে বিকল্প নৌপথ হিসেবে সুন্দরবনের ভেতরের শেলা নদী দিয়ে সব ধরনের নৌযান চলাচল করে আসছে।

এলাকার মানুষের বিপন্ন জীবন-জীবিকা পুনরুদ্ধারে কুমারখালী নদীর পাশাপাশি পরিকল্পিতভাবে দাউদখালী নদী খনন ও ১৪০টি সরকারি খালের উপর থেকে অবৈধ স্থাপনা অপসারণের দাবি জানান তারা।

গত ৯ ডিসেম্বর সুন্দরবনের শেলা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির পর নদী-খালে তেল ছড়িয়ে পড়ায় সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘষিয়াখালী নৌচ্যানেলটি দ্রুত খনন করে নৌযান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এই চ্যানেলের অধীনে অবৈধ দখলে থাকা সব চিংড়ি ঘের অপসারণেরও নির্দেশ দেন তিনি।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান, মংলা-ঘষিয়াখালী চ্যনেল রক্ষা কমিটির সাধারণ সম্পাদক এম এ সবুর রানা, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপের (সিডিপি) খুলনা বিভাগীয় সমন্বয়কারী এস এম ইকবাল হোসেন বিপ্লব, কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা হারুন গাজী, জাসদ নেতা শেখ আফজাল হোসেন, নবলোকের ভিলেজ প্রকল্প কর্মকর্তা পল্লব রায়, জলবায়ু সহিষ্ণু গ্রাম উন্নয়ন কমিটির কৃষ্ণা রানী দে প্রমুখ।

এছাড়া পদযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন।