২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭২ বছরে পা দিলেন আবদুল হামিদ

বাহাত্তর বছরে পা রাখলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 09:44 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।

আবদুল হামিদ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সবার দোয়া এবং শুভ কামনায় আমি এ পর্যন্ত এসেছি। ভবিষ্যতে সফলভাবে দায়িত্ব পালনের জন্য সবার দোয়া কামনা করছি।”

এসময় আবদুল হামিদের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

আবদুল হামিদের রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৫৯ সাল, ছাত্রলীগে যোগ দেওয়ার মধ্য দিয়ে। ১৯৬১ সালে কলেজের ছাত্র থাকা অবস্থাতেই তিনি যোগ দেন আইয়ুববিরোধী আন্দোলনে। তখন তাকে কারাগারেও যেতে হয়েছিল।

১৯৭০ সালের নির্বাচনে ময়মনসিংহ-১৮ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হন আবদুল হামিদ। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসাবে ২০১৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি।

১৯৭৩ সালের ৭ মার্চ দেশের প্রথম সাধারণ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত হন আবদুল হামিদ। ১৯৮৬ সালের তৃতীয় সংসদ, ১৯৯১ সালের পঞ্চম সংসদ, ১৯৯৬ সালের সপ্তম সংসদ, ২০০১ সালের অষ্টম সংসদ এবং সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনেও তিনি সাংসদ নির্বাচিত হন।

সপ্তম সংসদে ১৯৯৬ সালের ১৩ জুলাই থেকে ২০০১ এর  ১০ জুলাই পর্যন্ত ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের পর ২০০১ এর ২৮ অক্টোবর পর্যন্ত স্পিকার হিসাবে সংসদ পরিচালনা করেন আবদুল হামিদ।

আর নবম সংসদে নির্বাচিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো স্পিকার হন।

আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। 

ব্যক্তিগত জীবনে আবদুল হামিদ তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

সেনা প্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া।

বৃহস্পতিবার দুপুরে সেনাপ্রধান বঙ্গভবনে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেনাপ্রধান রাষ্ট্রপতিকে সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এছাড়া তার সাম্প্রতিক নেপাল সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”

সেনাপ্রধান এসময় আগামী ৫ জানুয়ারি বগুড়ায় অনুষ্ঠেয় সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ এবং ডেমো অ্যাটাক এর মহড়া অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।