২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বছর শুরুর দিনে বিলবোর্ড উচ্ছেদ

বছরের শুরুর দিনটিতেই চট্টগ্রাম নগরীতে অবৈধ বিলবোর্ড ‍উচ্ছেদ করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 08:37 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

বৃহস্পতিবার নগরীর ওয়াসার মোড় থেকে জিইসির মোড় পর্যন্ত ফুটপাতে থাকা দুটি অবৈধ বিল বোর্ড উচ্ছেদ করে পুলিশ।

চট্টগ্রাম সিটি করপোরশনের সহযোগিতায় চলা এ অভিযানে অবৈধ বিলবোর্ড স্থাপনের অভিযোগে অ্যাডভার্টাইজিং প্রতিষ্ঠান মৃত্তিকা আর্টের রেফায়েত জাবেদ নামের একজনকে আটক করা হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

সিএমপির অভিযানে নেতৃত্ব দেন  কমিশনার আবদুল জলিল মন্ডল।

অভিযানকালে আবদুল জলিল মন্ডল সাংবাদিকদের বলেন, “ফুটপাতে বিলবোর্ড স্থাপনে কোন অনুমতি দেয়া হয় না। তাই ফুটপাতে থাকা সকল বিলবোর্ড অবৈধ। সুতরাং, এগুলো উচ্ছেদে কোন ধরনের যাচাই-বাছাই করারও দরকার নেই।”

তিনি অবৈধ বিলবোর্ড স্থাপনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

অভিযানে সিসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন উপস্থিত না থাকলেও চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষে রাজস্ব কর্মকর্তা শামসুল আলম উপস্থিত ছিলেন।

নাজিয়া শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অভিযান সম্পর্কে অবহিত ছিলাম। সিসিসির পক্ষে রাজস্ব কর্মকর্তারা উপস্থিত ছিলেন অভিযানে।”

এর আগে গত বছর সিএমপি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের যৌথ সভায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদে সিদ্ধান্ত হয়। অবৈধ বিলবোর্ডের একটি তালিকাও সিএমপির কাছে হস্তান্তর করে সিটি করপোরেশন।

গত বছরের ১৬ নভেম্বর উচ্ছেদে নামলে বাধার সম্মুখীন হয় সিটি করপোরেশনের ‍উচ্ছেদকারী দল। সিসিসির তালিকায় অবৈধ বিলবোর্ডের তালিকায় রয়েছে ৩৫৪ টি। ১৬ নভেম্বরের পরে সিসিসি ৩৯ টি বিলবোর্ড উচ্ছেদ করেছে।

অপসারণ না হলে গ্রেপ্তার

অবৈধ বিলবোর্ড অপসারণে ৪ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সিএমপি।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, উল্লেখিত সময়ের মধ্যে অপসারণ করা না হলে ৫ জানুয়ারি থেকে অবৈধ বিলবোর্ড মালিকদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।