২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমাবদ্ধতা পেরিয়ে জীবন সংগ্রামের জন্য প্রস্তুত ওরা

“আমরা শব্দ করে মনের ভাব প্রকাশ করতে পারি না, এটাই আমাদের সীমাবদ্ধতা। তবে হাত-পা ঠিক আছে, সব কাজ আমরা করতে পারি। যোগ্যতা অনুযায়ী কাজ পেলে খুবই উপকৃত হব।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 06:40 PM

Updated : 12 Oct 2022, 03:06 PM

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে আয়োজিত প্রতিবন্ধীদের চাকরি মেলায় উপস্থিত হয়ে ইশারা ভাষায় এভাবেই কর্মসংস্থানের আবেদন জানান বাক প্রতিবন্ধী নারী খাদিজা আক্তার সুমি।

প্রতিবন্ধীদের তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দিয়ে তাদের জন্য ভিন্নধর্মী এই মেলার আয়োজন করে বিসিসি এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসআইডি ও সাইটসেভার্স।

সুমির বাবা, ভাই-বোনসহ পরিবারের চার সদস্য বাকপ্রতিবন্ধী। শারীরিক বাধা ডিঙিয়ে ইতোমধ্যেই সফলতার সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তিনি। বিসিসি, সিএসআইডির মতো প্রতিষ্ঠান থেকে নিয়েছেন গ্রাফিক্স ডিজাইনে প্রশিক্ষণ।

সুমির মতো কর্মসংস্থানের সন্ধানে মেলায় জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন শতাধিক নারী-পুরুষ, যাদের কেউ দৃষ্টি প্রতিবন্ধী, কেউ বাক প্রতিবন্ধী, আবার কেউ শারীরিক প্রতিবন্ধী। চাকরিপ্রার্থীদের অধিকাংশ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন।

চাকরি মেলার খবর শুনে জীবন বৃত্তান্ত নিয়ে ছুটে এসেছেন ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর করা দৃষ্টি প্রতিবন্ধী নারী শাম্মী আক্তার।

মেলার আয়োজকদের তিনি জানান, মাউসের ব্যবহার ছাড়াই শুধু কিবোর্ডের সাহায্যে স্বাভাবিক মানুষের মতো কম্পিউটারে কাজ করতে পারেন তিনি। সুযোগ পেলে টাইপ করাসহ বিভিন্ন কাজে অবদান রাখতে পারবেন।

কম্পিউটার পরিচালনার দক্ষতা অর্জনে দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ প্রশিক্ষণ আয়োজনের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান শাম্মী।

মেলায় প্রতিবন্ধীদের জন্য চাকরির প্রস্তাবনা নিয়ে আসেন সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার হাওলাদার, স্পেক্ট্রামের কর্মকর্তা নাসিমা আক্তার, আইটি ব্যবসায়ী মুনির হোসেন। প্রায় ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তারা।

মেলার উদ্বোধনের আগে বিসিসির সম্মেলন কক্ষে প্রতিবন্ধীদের কর্মসংস্থান নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর গোলাম কিবরিয়া, বিসিসির নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল ইসলামসহ অন্যান্যরা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানের প্রধান অতিথি থাকার কথা থাকলেও ঢাকার বাইরে অবস্থান করায় তিনি স্বশরীরে যোগ দিতে পারেননি। তবে স্কাইপের মাধ্যমে নাটোর থেকে আলোচনায় অংশ নেন তিনি।

বছরের প্রথমদিন সারাদেশে উদযাপিত বই উৎসব উপলক্ষে নিজ জেলা নাটোরে অবস্থান করছেন প্রতিমন্ত্রী পলক।

স্কাইপে তিনি বলেন, প্রতিবন্ধীদের তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণের জন্য ভবিষ্যতে সরকার আরো বড় ধরনের উদ্যোগ নেবে। তথ্যপ্রযুক্তির ব্যবহারে দক্ষ করার মাধ্যমে মূলধারার কর্মশক্তির সঙ্গে তাদের যুক্ত করা হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, বছরের শুরুতে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের মতো একটি অনুষ্ঠানের অংশ হতে পেরে তিনি গর্বিত।

“প্রত্যেক মানুষের মধ্যে সম্ভাবনা রয়েছে। তাদের ছোট করে দেখলে তা সংবিধানের সব নাগরিকের সমান অধিকারকে অস্বীকার বলে গণ্য হবে।”

আয়োজকরা জানান, ২৯১ জন প্রতিবন্ধীকে আইটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১২১ জন ইতোমধ্যেই বিভিন্ন চাকরিতে যোগ দিয়েছেন।

প্রাথমিকভাবে ১০০ জন প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিজেদের জীবনবৃত্তান্ত মেলায় জমা দেন। এদের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী ৩০ জন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ২৫ জন এবং শারীরিক প্রতিবন্ধী ৪৫ জন।