নববর্ষ পালন নিয়ে সংঘর্ষ, আহত ১৫
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় খ্রিস্টীয় নববর্ষের অনুষ্ঠান নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন, যার মধ্যে দুজন গুলিবিদ্ধও রয়েছেন।
বুধবার রাতে পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে ১০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, রাতে ভাঙ্গাপাড়া গ্রামে খ্রিস্টীয় নববর্ষের উৎসব আয়োজন করে স্থানীয়রা।
এই উৎসবকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়।
এ সময় দুপক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্রের পাশাপাশি আগ্নেয়ান্ত্রও ব্যবহার করে।
ওসি জানান, এই ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ওই গ্রাম থেকে রিপন (২৭) নামে একজনকে আটক করেছে।
চিকিৎসাধীন রয়েছেন পাকুরিয়া গ্রামের রেহেনা খাতুন (৩৫), সুকতাল বিশ্বাস (৬০), আনজুরা বেগম (৫৫), তার মেয়ে স্বপ্না (১৩), ববিতা (৩০), গাজী বিশ্বাস (৫৫), আসাদুল (২২), মহিবুল (২৪), তার ভাই আমিরুল (১৭) ও রেনু (৪৫)।
