২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজবাগের অস্ত্র আনা হয় ‘যুবলীগ নেতাকে হত্যায়’

রাজধানীর সবুজবাগের কদমতলা থেকে যে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে তা যুবলীগের এক কেন্দ্রীয় নেতাকে হত্যার উদ্দেশ্যে হিলি সীমান্ত এলাকা সংগ্রহ করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 04:21 PM

Updated : 12 Oct 2022, 03:06 PM

পুরনো খবর:

সবুজবাগে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১

ওই যুবলীগ নেতার নাম এবং তাকে যারা হত্যার পরিকল্পনা করেছিল তাদের সম্পর্কে জানতে পারলেও তদন্তের স্বার্থে এ বিষয়ে কিছু বলেনি পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুবলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কাজে লাগিয়ে নতুন বছরে ওই নেতাকে হত্যার পরিকল্পনার বিষয়টি গোয়েন্দারা নিশ্চিত হয়েই একজনকে আটক করেছে। মতিঝিলের একটি সন্ত্রাসী গ্রুপ এ পরিকল্পনা করেছিল।”

গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে কদমতলা ব্রিজ সংলগ্ন পূর্ব বাসাবোর একটি বাসা থেকে সাইফুল্লাহ খান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাশেই ‘বাসাবো মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ার্স অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ’ এর অফিস থেকে উদ্ধার করা হয় দুটি রিভলবার, একটি পিস্তল ও এক হাজার গুলি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল্লাহর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তারা জানান, যুবলীগ নেতাকে হত্যার জন্য অস্ত্রগুলো দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করেছিলেন সাইফুল্লাহ। সেখানে এক লোক তাকে মোট পাঁচটি অস্ত্র দিয়েছিলেন। বাকি দুটি অস্ত্র সাইফুল্লাহ তার এক সহযোগীকে দেন।

এসব অস্ত্র ব্রাজিল, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ার ‘অত্যাধুনিক’ অস্ত্র বলে জানান গোয়েন্দা কর্মকর্তা মনিরুল। বাংলাদেশে এই ধরনের অস্ত্র কম পাওয়া যায় বলেও জানান তিনি।

যুবলীগের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে গত বছর জুলাইয়ে গুলশানে বিপণি বিতান শপার্স ওয়ার্ল্ডের সামনে যুবলীগের ঢাকা মহানগরের (উত্তর) সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক মিল্কিকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার সংগঠনের মহানগরের (দক্ষিণ)যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ সিদ্দিক তারেক পরদিন ‘ক্রসফায়ারে’ নিহত হন।

যুবলীগের কেন্দ্রীয় এই নেতাকে হত্যা পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, “মগবাজারে রেলের জমি নিয়ে বিরোধের জেরে গত বছর কালাবাবু ক্রসফায়ারে মারা গিয়েছিল। তার আগে মগবাজার-মালিবাগ-মতিঝিল এলাকায় রেলের জমির একাংশের নিয়ন্ত্রণ ছিল শীর্ষ সন্ত্রাসী জিসান ও তার অনুসারীদের।

“ওই গ্রুপটি সরাসরি যুবলীগ না করলেও তাদের সঙ্গে সম্পর্ক রাখত। তারাই মূলত আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের এই কেন্দ্রীয় নেতাকে হত্যার পরিকল্পনা করেছিল বলে গোয়েন্দারা জানতে পেরেছে।”

সীমান্ত এলাকা থেকে সাইফুল্লাহ যার কাছ থেকে অস্ত্র পেয়েছিলেন তার সম্পর্কে জানতে ভারতের জাতীয় তদন্ত সংস্থা-এনআইএর কাছে তথ্য চাওয়া হবে বলে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল জানিয়েছেন।

“কারা সীমান্তবর্তী এলাকায় অস্ত্র ব্যবসা পরিচালনা করছে, আর সাইফুল্লাহ যার কাছ থেকে অস্ত্র পেল তার সম্পর্কে কোনো তথ্য এনআইএর কাছে আছে কি না তা জানতে চাইবে মহানগর গোয়েন্দা পুলিশ,” বলেন তিনি।