চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল
যুদ্ধাপরাধী আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীল ডাকা হরতালের শেষ দিনে বন্দরনগরী চট্টগ্রামে মিছিল ও পিকেটিং করতে দেখা যায়নি।
হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রায় কোন ধরনের প্রভাব পড়তে দেখা যায়নি। আগের দিনের তুলনায় রাস্তায় বেড়েছে গণপরিবহনের সংখ্যা। চলছে অটোরিকশা, হিউম্যান হলার, বাস ও রিকশা।
হরতালের মধ্যেই প্রাথমিকের নতুন বই হাতে পেতে স্কুলে স্কুলে হাজির হতে দেখা গেছে শিক্ষার্থীদের।
দুপুর পর্যন্ত নগরীর কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম শহিদুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীতে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি প্রস্তুত রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগরের বাইরে জেলার অন্য কোথাও কোন ধরনের সহিংসতা বা মিছিল-সমাবেশের খবর পাওয়া যায়নি।
"নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সাতকানিয়া, সীতাকুণ্ড ও লোহাগাড়ায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবিও টহল দিচ্ছে। আর হাটহাজারী ও ফটিকছড়িতে বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।"
যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায় ঘোষণার পর বুধবার এবং নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার দুই দিনের হরতাল ডাকে দলটি।
