কর্মসূচি সফলে যুক্তরাষ্ট্রে আ.লীগের সংবাদ সম্মেলন
সরকারের বর্ষপূর্তির দিনকে ‘গণতন্ত্র এবং সংবিধান রক্ষা দিবস’ হিসেবে ৫ জানুয়ারির যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউজের বিজয় সমাবেশের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
এই সমাবেশের জন্য প্রশাসনের অনুমতি নেয়া এবং জনসংযোগের কথা বেশ কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছিল।
৩০ ডিসেম্বর মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের পালকি সেন্টারে ‘বিজয় সমাবেশ’র সার্বিক প্রস্তুতির ওপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে ওই কর্মসূচিতে এক হাজার প্রবাসী সমাগমের লক্ষ্য ঠিক করা হয়েছে বলে জানান আওয়ামী লীগ নেতারা।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী। সঞ্চালন করেন সেক্রেটারি সাজ্জাদুর রহমান।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, মহিউদ্দিন দেওয়ান, মজিবুর রহমান, তৈয়বুর রহমান টনি প্রমুখ।
