২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে নির্বাচনী সহিংসতায় নারীসহ আহত ২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 06:56 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

বুধবার সকালে পিতলগঞ্জ এলাকায় এ সংঘর্ষে আহত মতিজা বেগম ও হাজেরা খাতুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

তাক্ষৎণিকভাবে আহত অন্যদের নাম জানা যায়নি, তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, গত ২৮ ডিসেম্বর রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ড সদস্য পদে ফিরোজ মিয়াকে পরাজিত করে অপর প্রার্থী ওসমান গনি ভূঁইয়া খোকন বিজয়ী হন।

বুধবার সকাল ১১টার দিকে পিতলগঞ্জ বাজারে বিজয়ী প্রার্থীর লোকজন মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করতে থাকে। এ সময় ফিরোজ মিয়ার সমর্থক দুলাল মিয়া ও ওসমান গণি ভুঁইয়ার সঙ্গে প্রতিপক্ষ খোকনের সমর্থক আমিনুল ইসলাম শিপনের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।

এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। 

এ সময় বাজারে পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানান পুলিশ কর্মকর্তা মাহমুদুল।  

তিনি আরও জানান, এ ঘটনায় উভয়পক্ষের কাছ থেকে পৃথক দুটি অভিযোগ পাওয়া গেছে। ফের সংঘর্ষের আশঙ্কায় পিতলগঞ্জ বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।