২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পোশাক কারখানায় ডাকাতি

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতি হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 05:46 PM

Updated : 22 Aug 2022, 08:12 PM

মঙ্গলবার গভীর রাতে পূর্ব সদরপুর এলাকার ‘সামিয়া গার্মেন্টস (প্রা.) লিমিটেডে’ ডাকাতি হয় বলে জানান কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে কারখানাটিতে আটজন নিরাপত্তাকর্মী দায়িত্বে ছিলেন। ডাকাতদল অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৭০ হাজার গজ প্যান্ট তৈরির কাপড় নিয়ে যায়।

এ সময় ডাকাতদের হামলায় জামসেদ, কাছন, হাসান ও আল আমিন নামে চার নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

আহত নিরাপত্তাকর্মী জামসেদ জানান, রাত ২টার দিকে সীমানা প্রাচীরের কাঁটা তার কেটে ৩০/৪০ জন ডাকাত কারখানার ভেতরে প্রবেশ করে। পরে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে মালমাল লুট করে নেয়।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বলেন,  সকালে ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট করা মালামাল উদ্ধার এবং ঘটনার  সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় কারখানার মহাব্যবস্থাপক সোহরাব হোসেন বাদী হয়ে বুধবার দুপুরে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।