২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ ব্যবসায়ীর মিলল গলাকাটা লাশ

সিলেটের জৈন্তাপুরে নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 01:14 PM

Updated : 22 Aug 2022, 08:12 PM

নিহত ইউনুছ আলী (৩২) উপজেলার হরিপুর দক্ষিণপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। হরিপুর বাজারে তার খাবারের রেস্তোরাঁ রয়েছে। পাশাপাশি তিনি মৎসখামার ব্যবসায় যুক্ত ছিলেন।

জৈন্তাপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, বুধবার সকালে উপজেলার লামা শ্যামপুর এলাকার একটি টিলায় মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল করে হরিপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন ইউনুছ। পরদিন সকালে তার মোটরসাইকেলটি লামা শ্যামপুর এলাকায় পাওয়া যায়।

মঙ্গলবার দুপুরে ইউনুছের বাবা থানায় সাধারণ ডায়েরি করলে রাতেই এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চার জনকে আটক করে বলে ওসি হারুণ জানান।

এরা হলেন- লামা শ্যামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে রাসেল আহমদ (২০), হারুণ মিয়ার ছেলে হেলাল আহমদ (২২), কুতুব আলীর ছেলে কয়েছ আহমদ (২৬) ও হরিপুর গ্রামের লাল মিয়ার ছেলে জুয়েল আহমদ (২০)।

জৈন্তাপুরের পুলিশ কর্মকর্তা হারুণ বলেন, আটকদের দেওয়া তথ্যে ওই টিলা থেকে ইউনুছের লাশ উদ্ধার করা হয়। লাশের গলা কাটা এবং চোখ ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে।

"আটক রাসেল ইউনুছের কাছে টাকা পেত। এর জের ধরেই এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"