বাগেরহাটে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
বাগেরহাটের চিতলমারী উপজেলায় অগ্নিকাণ্ডে অন্তত ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জয়নুল আবেদিন তিতাস ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিতলমারী বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে একটি ইউনিট নিয়ে তারা সেখানে যান।
পরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এবং পিরোজপুরের নাজিরপুরের দুটি ইউনিট এবং স্থানীয় লোকজন অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়।
বাজারের শহীদ মিনার মোড়ের একটি পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
"আগুনে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে পরিমাণ এখনই বলা যাচ্ছে না।"
