মিন্টু ও মিলনের আগাম জামিন
সাংসদ ছবি বিশ্বাস হত্যাচেষ্টা মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ব্যবসায়ী নেতা আবদুল আওয়াল মিন্টুকে তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মো. বদিউজ্জামানের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
এর আগে রোববার মিন্টুর আইনজীবীরা জামিন আবেদন করলে একই বেঞ্চ তাকে ‘আপতত’ গ্রেপ্তার না করার মৌখিক আদেশ দিয়েছিল।
আগাম জামিনের তিন সপ্তাহ মেয়াদ শেষে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মিন্টুকে বিচারিক আদালতে গিয়ে নতুন করে জামিন নিতে হবে।
খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে গত ২৪ ডিসেম্বর ঢাকার বকশীবাজার এলাকায় সংঘর্ষ এবং সাংসদ ছবি বিশ্বাসের উপর হামলা ও তার গাড়ি পুড়িয়ে দেওয়া ঘটনা ঘটে।
ওই রাতেই ছবি বিশ্বাসের উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা করে পুলিশ, যাতে মিন্টুসহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৫০/৬০ জনকে আসামি করা হয়।
এদিকে গত ২৭ ডিসেম্বর গাজীপুরে হরতালের সময় গাড়ি ভাঙচুর, মারধর ও ছিনতাইয়ের একটি মামলায় জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনকে দুই সপ্তাহের জামিন দিয়েছে একই বেঞ্চ।
জয়দেবপুর থানায় দায়ের হওয়া এই মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নানও আসামি।
দুই মামলাতেই আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বিএনপিপন্থি আইনজীবী নেতা খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনও এ সময় আদালতে ছিলেন।
মিন্টুর মামলায় শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক টুটুল। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী। আর মিলনের মামলায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রাষ্ট্রপক্ষে শুনানি করেন।
