২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালের হাজতখানায় আজহার

একাত্তরের যুদ্ধাপরাধ মামলার রায়ের জন্য জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 09:10 AM

Updated : 22 Aug 2022, 08:11 PM

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে  হত্যা, গণহত্যা, নির্যাতন, আটক, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধে ছয়টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে আজহারকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি মাইক্রোবাসে করে পুরাতন হাই কোর্ট এলাকায় ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়।

৮টা ৫৫মিনিটে ট্রাইব্যুনালে পৌঁছানোর পর তাকে হাজতখানায় রাখা হয় বলে পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (পেট্রোল) এসএম ইমানুল জানান।

রায়ের কারণে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সোমবার বিকালেই ঢাকায় নিয়ে আসা হয় আজহারকে। 

বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সকাল ১০টার পর এ মামলার রায় ঘোষণা করবে।

একাত্তরে আজহার ছিলেন জামায়াতের সেই সময়ের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের জেলা কমিটির সভাপতি। পদাধিকার বলেই আলবদর বাহিনীর রংপুর শাখার কমান্ডার ছিলেন তিনি, যে বাহিনী গড়ে তোলা হয়েছিল বাঙালির মুক্তি সংগ্রাম দমনে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করার জন্য।

অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত বছর ১২ নভেম্বর আজহারের বিচার শুরু করে ট্রাইব্যুনাল। দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৮ সেপ্টেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।

রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সকালে হাই কোর্টসংলগ্ন এলাকা ঘুরে দেখা যায় ট্রাইব্যুনালের বিভিন্ন প্রবেশপথে রয়েছে পুলিশ ও র্যা বের অবস্থান। হাই কোর্ট এলাকায় প্রবেশকারীদের পরিচয়পত্র পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। গণমাধ্যম কর্মীদেরও নিরাপত্তা তল্লাশির পর ট্রাইব্যুনালে ঢুকতে দেওয়া হচ্ছে।

পুরনো খবর:

ট্রাইব্যুনাল ঘিরে নিরাপত্তা
আজহারের যত ‘যুদ্ধাপরাধ’
আজহারের যুদ্ধাপরাধের রায় মঙ্গলবার