২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাসরাজবাড়ী ইউপিতে আ.লীগ, উধুনিয়ায় বিএনপি প্রার্থী জয়ী

সিরাজগঞ্জের কাজিপুর ও উল্লাপাড়া উপজেলার দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের বেসরকারি ফলাফলে একটিতে আওয়ামী লীগ সমর্থিত এবং আরেকটিতে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2014, 04:47 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ও উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নে রোববার

এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের বেসরকারি ফলাফলে খাসরাজবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত মতিয়ার রহমান এবং উধুনিয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত আব্দুল হামিদ নির্বাচিত হয়েছেন।

স্কুল সরকারি হয়ে যাওয়ায় খাসরাজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে শিক্ষক এনামুল হকের পদত্যাগ এবং উধুনিয়ার চেয়ারম্যান শামছুল হক আকন্দ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় এ দুটি পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কাজিপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম জানান, বেসরকারি ফলাফলে খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগ সমর্থিত মতিয়ার রহমান পাঁচ হাজার ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মোজাম্মেল হক পেয়েছেন ৩৫২ ভোট।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আলম জানান, উধুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল হামিদ চার হাজার ৯০৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল জলিল পেয়েছেন তিন হাজার ৫০২ ভোট।