গাইবান্ধা পৌর এলাকায় আধাবেলা হরতাল
গাইবান্ধায় ২০ দলীয় জোটের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে পৌর এলাকায় অর্ধ দিবস হরতাল ডেকেছে জেলা বিএনপি।
জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবু শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে বিএনপিসহ ২০ দলের নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের সার্কুলার এগিয়ে গেলে পুলিশ লাঠি চার্জ করে। এতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাফি মণ্ডলসহ ১০ নেতাকর্মী আহত হন।
“এ ঘটনার প্রতিবাদে গাইবান্ধা শহরের পৌর এলাকায় রবিবার অর্ধ দিবস (সকাল ৬টা থেকে দুপুর ১২টা) হরতাল পালন করা হবে।”
গাইবান্ধা সদর থানার ওসি ওসমান আলী বলেন, শহরে মিছিল করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। এতে তারা পুলিশের উপর চড়াও হলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
শুক্রবার রাতে গুলশান কার্যালয়ে বৈঠক শেষে খালেদা জিয়ার সমাবেশস্থলে ১৪৪ ধারা জারির প্রতিবাদে শনিবার গাজীপুরে হরতাল এবং সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
