ফুটপাত দখল করে কাজ, আটক করায় বিক্ষোভ
সড়কে লোহার পাত রেখে কাজ করায় চার দোকান কর্মচারীকে আটকের জেরে চট্টগ্রাম নগরীর মাদারবাড়ি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
শনিবার সকাল থেকে নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি সড়ক সংলগ্ন স্ক্যাপ লোহার দোকানের কর্মচারীরা সড়কের ওপর লোহার পাত ও পাইপ রেখে তা কাটার কাজ করছিল।
ওই সড়কে সকাল থেকে যানজট থাকায় পুলিশ গিয়ে সেখানকার চার কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যায়।
সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়কে কাজ করার যান চলাচলে প্রতিবন্ধকতা হচ্ছিল। এজন্য চার জনকে আটক করা হয়।
এররপর সেখানকার শ’খানেক দোকান মালিক ও কর্মচারী রাস্তায় নেমে আসে। তখন পুলিশ আটক চারজনকে ছেড়ে দিলে ব্যবসায়ীরা শান্ত হয়।
পুলিশ কর্মকর্তা সদীপ বলেন, “তারা সড়কে আর প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এজন্য আটক চার জনকে ছেড়ে দেওয়া হয়েছে।”
